ওসাকা: চেক টেনিস খেলোয়াড় কাটেরিনা সিনিয়াকোভা জাপান ওপেনে নারী একক শিরোপা জিতেছেন। রবিবার অনুষ্ঠিত ফাইনালে তিনি আমেরিকান অ্যাশলিন ক্রুগারকে ৬–১, ৬–০ সেটে সহজেই পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে সিনিয়াকোভা তিন বছরের মধ্যে নিজের প্রথম একক শিরোপা এবং ক্যারিয়ারের ষষ্ঠ একক ট্রফি অর্জন করলেন।
ফাইনালের শুরু থেকেই সিনিয়াকোভা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন, অ্যাশলিনকে কোনো সুযোগই দেননি। মাত্র ৬৪ মিনিটেই তিনি জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচজুড়ে সিনিয়াকোভা ছয়বার অ্যাশলিনের সার্ভিস ভেঙে দেন এবং উভয় সেটেই নিজের আধিপত্য বজায় রাখেন।
৩০ বছর বয়সী সিনিয়াকোভার জন্য এই জয়টি ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে সর্বশেষ তিনি ২০২৩ সালে চীনের নানচাংয়ে অনুষ্ঠিত জিয়াংসি ওপেনে একক শিরোপা জিতেছিলেন। জাপান ওপেনের এই ট্রফিটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ একক শিরোপা। তিনি তাঁর ক্যারিয়ারের প্রথম একক শিরোপাটি জিতেছিলেন ২০১৭ সালে, চীনের শেনঝেনে।
মহিলা টেনিসে সিনিয়াকোভা বিশেষ করে একজন শক্তিশালী ডাবলস খেলোয়াড় হিসেবে পরিচিত। নিজের খেলোয়াড়ি জীবনে তিনি ৩৯টি ডাবলস শিরোপা জিতেছেন। গত মাসে তিনি টেলর টাউনসেন্ডের সঙ্গে জুটি বেঁধে ইউএস ওপেনে মহিলাদের ডাবলস শিরোপা জয় করেছেন।





