ওয়াশিংটন: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য ও লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে। তবে আপাতত সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার পরিকল্পনা নেই বলে অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান হুথিদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলার অনুরোধ করেছিলেন। কিন্তু মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সরাসরি সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
এদিকে, সৌদি আরব ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে মিলে হুথিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদের অন্যতম লক্ষ্য লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা।
মার্কিন সেনা কর্মকর্তাদের আশঙ্কা, ইয়েমেনে সরাসরি সামরিক হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ ও মনোযোগ ইরান এবং হরমুজ প্রণালীকেন্দ্রিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে সরে যেতে পারে। একই সঙ্গে সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।
তাই যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি যুদ্ধে না গিয়ে সৌদিকে গোয়েন্দা ও সামরিক সহায়তা দেওয়ার কৌশল নিয়েছে। তবে এই সহায়তা সৌদিকে হুথিদের পরাজিত করতে কতটা সক্ষম করবে, তা নির্ভর করবে ইয়েমেনের মাটিতে সৌদি ও সরকারি বাহিনীর সামরিক সক্ষমতা এবং হুথিদের প্রতিরোধের ওপর।





