রোম: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার স্কুলে বোরকা ও নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভায় অনুমোদিত ডিক্রি-আইনের মাধ্যমে মুখ ঢেকে রাখে এমন পোশাকের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি ইতালীয় ভাষায় ভালোভাবে দক্ষ নয়—এমন শিক্ষার্থীর সংখ্যাও প্রতি শ্রেণিতে সীমিত করার ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, ইতালীয় ভাষায় দুর্বল শিক্ষার্থীর সংখ্যা একই শ্রেণিতে সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখা হবে। এসব শিক্ষার্থীকে ভাষা শেখার জন্য অতিরিক্ত সহায়তা ও সম্পদ দেওয়া হবে বলেও তিনি জানান।
শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা বলেন, শিক্ষার্থীর নাগরিকত্ব নয়, বরং ভাষাগত দক্ষতাই এই সীমা নির্ধারণের ভিত্তি হবে। সরকার বোরকা ও নিকাবের ওপর নিষেধাজ্ঞাকে লিঙ্গসমতার সঙ্গেও যুক্ত করেছে।
নতুন নিয়মে হিজাব অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ হিজাব মুখ ঢেকে রাখে না। স্কুলে সামাজিকভাবে মানিয়ে নিতে সমস্যায় থাকা শিশুদের পরিবারকে সামাজিক সেবার মাধ্যমে সহায়তা করা হবে এবং অভিভাবকদের বিনামূল্যে ইতালীয় ভাষার ক্লাসে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এসব ক্লাসে অংশ নিতে অস্বীকার করলে সর্বোচ্চ ১,০০০ ইউরো জরিমানা হতে পারে বলে জানানো হয়েছে।
ডিক্রি-আইনটি তাৎক্ষণিকভাবে কার্যকর হতে পারে, তবে ৬০ দিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হবে। সরকার এটিকে একীভূতকরণ ও ভাষাগত অন্তর্ভুক্তির সঙ্গে যুক্ত করেছে। অন্যদিকে, বিরোধী দলগুলো অভিযোগ করেছে যে আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণপন্থী নীতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ইতালিতে বিদেশি শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক অনুপাত নিয়ে ৩০ শতাংশের নির্দেশিকা আগেও কার্যকর ছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেটিকে আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।





