নয়াদিল্লি: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অলিম্পিক-পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারতীয় ভারোত্তোলক ও অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু; সেখানে তাঁকে চীন, উত্তর কোরিয়া ও থাইল্যান্ডের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। ৩২ বছর বয়সী এই ভারতীয় ক্রীড়াবিদ বিশ্বমঞ্চে প্রায় সব ধরনের পদকই জিতেছেন—যার মধ্যে রয়েছে টোকিও ২০২০ অলিম্পিকের রৌপ্যপদক-অথচ এশিয়ান গেমসে তিনি এখনও কোনো পদক জিততে পারেননি। সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মিরাবাই টানা তৃতীয়বারের মতো স্বর্ণপদক জয় করেছেন।
১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আগে এসএআই(স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) কেন্দ্র থেকে কথা বলার সময় মীরাবাই বলেন, “কমনওয়েলথ গেমসের প্রতিযোগিতা আমার জন্য খুব একটা কঠিন ছিল না। গ্লাসগোতে আমাকে খুব বেশি বেগ পেতে হয়নি, তবে আসল পরীক্ষাটা এখনও বাকি। জাপানে আমি কতটা ভালো করতে পারি, সেটাই এখন দেখার বিষয়। এশিয়ান গেমস সবসময়ই আমার জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবার এশিয়ান গেমসের লড়াইটা হয়তো অলিম্পিকের মতোই কঠিন হবে, কারণ আমার ওজন বিভাগে বিশ্বের সেরা ভারোত্তোলকরা এশিয়া থেকেই এসেছেন।”
এশিয়ান গেমসে মীরাবাইয়ের সেরা পারফরম্যান্স ছিল ২০২৩ সালে হাংঝুতে, যেখানে তিনি ৪৯ কেজি বিভাগে চতুর্থ স্থান অধিকার করেছিলেন; তবে চোটের কারণে তিনি ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি। এশিয়ান গেমসে নিজের প্রথম পদকটি জিততে হলে যে তাকে সেরাটা দিতে হবে, সে বিষয়ে মীরাবাই পুরোপুরি সচেতন; আর তাই তিনি কোনো প্রচেষ্টাই বাকি রাখতে চান না। মিরাবাই বর্তমানে প্রধান কোচ বিজয় শর্মা এবং আমেরিকান স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ড. অ্যারন হর্শিগের তত্ত্বাবধানে কঠোর অনুশীলন করছেন। উল্লেখ্য, এশিয়ান গেমসের গুরুত্বের কথা বিবেচনা করে কমনওয়েলথ গেমসের পর বিশ্রামের জন্য বাড়ি না ফিরে মিরাবাই সরাসরি মোদিনগরে অবস্থিত তাঁর প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।









