কাঠমান্ডু: রসুয়া জেলায় ভয়াবহ বন্যার পর নেপালের ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য ভারত প্রায় ৩০ টন ত্রাণসামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনীয় সামগ্রী দ্রুত নেপালে পৌঁছে দিতে ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম বিমানটি বুধবারই ত্রাণসামগ্রী নিয়ে নেপালের উদ্দেশে রওনা হবে এবং দ্বিতীয় বিমানটি বৃহস্পতিবার পাঠানোর প্রস্তুতি চলছে।
বন্যায় রসুয়া, ধাদিং ও নুয়াকোট জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, রসুয়ায় বন্যার পর ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয় এবং ৩৭ জন অনাবাসী ভারতীয় নাগরিক রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের নাগরিকও নিখোঁজ রয়েছেন।










