বেইজিং: চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার দ্বিতীয় ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’ (রোবট অলিম্পিক) শুরু হয়েছে। ১৬টি দেশের ৬৫০টিরও বেশি দলের ২ হাজারেরও বেশি হিউম্যানয়েড রোবট এই পাঁচ দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছে। রোবটদের জন্য আয়োজিত এই অনন্য অলিম্পিকে দৌড়, ফুটবল, টেবিল টেনিস, অ্যাথলেটিকস ও কিকবক্সিংয়ের মতো বিভিন্ন ক্রীড়া ও শিল্প-সম্পর্কিত কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম দিনে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বিভাগে ৪০০ মিটার ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে রিমোট কন্ট্রোল ছাড়াই রোবটগুলো অংশ নেয়। চীন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে রোবটগুলো এমন নিখুঁত ও সুসংহতভাবে মার্চ-পাস্ট বা কুচকাওয়াজ প্রদর্শন করে যা অনেকটা সেনাবাহিনীর প্যারেডের কথা মনে করিয়ে দেয়। একইভাবে, চীনের হিউম্যানয়েড রোবট ‘গেইলবট’ লন টেনিসে তার চমৎকার নৈপুণ্য দেখিয়ে দর্শকদের তাক লাগিয়ে দেয়। বেইজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভাল-এ (যা ‘আইস রিবন’ নামেও পরিচিত) এই রোবট অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে।
মানুষের মতো খেলাধুলায় অংশ নেওয়া রোবটগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে। চীনের শীর্ষস্থানীয় দৈনিক ‘গ্লোবাল টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, দুটি হিউম্যানয়েড রোবটের মধ্যকার সরাসরি বক্সিং ম্যাচ দেখার জন্য ‘ইউনিট্রি টেকনোলজিস’-এর বুথে বিপুল জনসমাগম হয়েছিল।











