নিকাশির জন্য সুষ্ঠু ব্যবস্থা গড়ে না ওঠায় বৃষ্টি হলেই জলমগ্ন

IMG-20260805-WA0047

দিনহাটা: দীর্ঘ বছর দিনহাটা শহরে জল নিকাশির জন্য সুষ্ঠু ব্যবস্থা গড়ে না ওঠায় বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে নিজের ওয়ার্ডের একাধিক এলাকা। ইতিপূর্বে শহরের দু’নম্বর ওয়ার্ডে বাসিন্দা উদয়ন গুহ একদিকে যেমন পুরসভার চেয়ারম্যান ছিলেন তেমনি বিধায়ক এমনকি মন্ত্রী ছিলেন। তারপরেও তার বাড়ির ঠিক পেছনে এলাকায় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়লেও তা সহজে পরিষ্কার এমনকি জল বের করার কোন ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। এবার বিধায়ক হয়েই দুই নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির এলাকায় বিধায়ক অজয় রায় নিজে দাঁড়িয়ে থেকে সুষ্ঠ জল নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কারের কাজ করালেন। বুধবার সকালে বিধায়ক অজয় নিজে উপস্থিত হয়ে পুরসভার কর্মীদের দিয়ে সেই কাজ করান। ড্রেনে নোংরা আবর্জনা জমে থাকায় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। দীর্ঘ বছর তৃণমূল ক্ষমতায় থাকলেও ওই এলাকায় জল নিকাশের কোন ব্যবস্থাই গড়ে তোলেনি পুরবোর্ড এমনকি তৎকালীন শাসক দল। এবার অজয় নিজে বিধায়ক হয়ে জল নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্যোগী হওয়ায় খুশি বাসিন্দারা। বাসিন্দারা অনেকেই বলেন,”সামান্য বৃষ্টি হলেই গোটা রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। ইতিপূর্বে পুরসভা কে এমনকি তৎকালীন বিধায়ক ও মন্ত্রী কে জানিও কোন কাজ হয়নি। অজয় বিধায়ক হতেই তার নিজের এলাকাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে এবং জল নিকাশির সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলতে যেভাবে মাঠে নেমেছে তাতে কিছুটা হলেও সমস্যা মিটবে।বিধায়ক অজয় রায় বলেন, দিনহাটা শহরের জল নিকাশের সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলতে ইতিমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। কিছুদিন আগেই এ নিয়ে জেলা শাসকের উপস্থিতিতে বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিন দু’নম্বর ওয়ার্ডের যে এলাকাগুলিতে জল জমে ড্রেন ঠিকমতো পরিষ্কার হয়নি সেসব যতটা সম্ভব পুরসভার কর্মীদের দিয়ে পরিষ্কারের কাজ করানো হলো। জেসিপি দিয়ে সেই নোংরা পরিষ্কার করানো হয়। দ্রুত মাস্টারপ্ল্যান গড়ে তোলার বিষয়টিও আমাদের নজরে রয়েছে।

About Author

Advertisement