তেহরান: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মধ্যেই ইরান তার দক্ষিণ সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের আশঙ্কায়, ইরানি সেনাবাহিনীর ৯২তম আর্মার্ড ডিভিশন ইরাক ও কুয়েত সীমান্তের কাছে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদান অঞ্চলে ‘টি-৭২’ সিরিজের প্রধান যুদ্ধট্যাঙ্ক মোতায়েন করেছে।
খুজেস্তান প্রদেশে অবস্থিত আবাদান অঞ্চলটিকে ইরানের তেলকূপ, শোধনাগার ও জলপথের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, ইরানের কাছে প্রায় ১,৫১৩টি প্রধান যুদ্ধ-ট্যাঙ্ক রয়েছে, যার মধ্যে ৪৮০টি হলো টি-৭২এস ট্যাঙ্ক। সম্ভাব্য সীমিত পরিসরের স্থল-আক্রমণ প্রতিহত করতে এবং কৌশলগত স্থাপনাগুলোর সুরক্ষার লক্ষ্যে এই মোতায়েন করা হয়েছে।










