বসিরহাট: পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর ফের রাজনৈতিক ও আইনি তৎপরতার কেন্দ্রে উঠে এসেছে সন্দেশখালি। রেশন দুর্নীতি, জমি দখল এবং মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় তদন্তকারী সংস্থার নজরে থাকা প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ শুরু হয়েছে।
সোমবার গভীর রাতে সন্দেশখালি থানার পুলিশ অভিযান চালিয়ে ব্লক তৃণমূলের সহ-সভাপতি শ্রীদাম হাওলিকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ২০১৫ সালে বেআইনিভাবে জমি দখল এবং প্রতিবাদীদের মারধরের গুরুতর অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন রাজনৈতিক প্রভাবের কারণে ধরা-ছোঁয়ার বাইরে থাকা এই নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। তাঁরা সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখান এবং অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার সময় ঝাঁটা ও জুতো দেখিয়ে প্রতিবাদ জানান।
এদিকে আরও একটি বড় পদক্ষেপে স্বরূপনগর থেকে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নারায়ণ করকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত পাঁচ বছর ধরে পলাতক থাকা এই নেতাকে নতুন সরকার ক্ষমতায় আসার পরই গ্রেপ্তার করা হয়েছে।








