মুম্বাই: বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে আচমকাই উদ্বেগ ছড়িয়ে পড়ে বিনোদন জগতে। সমাজমাধ্যমে এক সাংবাদিক দাবি করেন, অসুস্থ হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ। সেই খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
তবে পরে সেই উদ্বেগ দূর হয়। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়, অমিতাভ বচ্চন হাসপাতালে গিয়েছিলেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য। পরীক্ষা শেষ করেই তিনি বাড়ি ফিরে যান।
এরপর সমাজমাধ্যমে নিজেই একটি বার্তা দিয়ে সকলকে আশ্বস্ত করেন অভিনেতা। তিনি লেখেন, “ভাইয়েরা চিল শান্ত হলে টিয়াপাখি কথা বলতে শুরু করে।” সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
৮৩ বছর বয়সি অমিতাভ বচ্চনের শারীরিক সমস্যা নতুন নয়। ‘কুলি’ ছবির শুটিং চলাকালীন গুরুতর আহত হয়ে একসময় মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছিল তাঁকে। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন।
২০১৮ সালে তীব্র পেটব্যথার কারণে চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে, তাঁর ক্ষুদ্রান্ত্রে ‘ডাইভার্টিকুলাইটিস’ রোগ হয়েছে। অস্ত্রোপচারের সময়ই জানা যায়, তিনি যকৃতের জটিল রোগ সিরোসিসে আক্রান্ত। চিকিৎসকদের মতে, ‘হেপাটাইটিস বি’-এর কারণেই এই অসুখ হয়েছিল।
বর্তমানে তাঁর যকৃতের মাত্র ২৫ শতাংশ কার্যক্ষম রয়েছে। সম্প্রতি জনপ্রিয় প্রশ্নোত্তর অনুষ্ঠানের নতুন মরসুম শুরুর আগে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে অমিতাভ জানান, আগে যেসব সাধারণ কাজ সহজেই করতে পারতেন, এখন সেগুলিও অনেক সতর্কতার সঙ্গে করতে হয়।
তিনি বলেন, চিকিৎসকেরা তাঁকে দাঁড়িয়ে প্যান্ট না পরার পরামর্শ দিয়েছেন। তবুও অভিনয় এবং অ্যাকশন দৃশ্যে এখনও সমান নিষ্ঠাবান তিনি। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে আজও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা।










