মুম্বই: তারকাখ্যাতির সঙ্গে বাড়তি সতর্কতার প্রয়োজন পড়েই। তবুও কখনও কখনও ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। সম্প্রতি এমনই এক পরিস্থিতির মুখোমুখি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। এক অনুষ্ঠানে আলোকচিত্রীদের সঙ্গে তাঁর দেহরক্ষীর বচসা ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায়। পরে নিজেই হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন অভিনেতা।
সম্প্রতি ‘মিসেস ইন্ডিয়া কুইন মেরি মরশুম ৪’-এর মহা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দা। অনুষ্ঠান শেষে তিনি যখন বেরিয়ে আসছিলেন, তখন অনুরাগী ও আলোকচিত্রীদের ভিড়ে চারপাশ ভরে যায়। সেই সময় ছবি তোলাকে কেন্দ্র করে হঠাৎই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক দৃশ্যচিত্রে দেখা যায়, ভিড় সামলাতে গিয়ে গোবিন্দার এক দেহরক্ষী উপস্থিত এক আলোকচিত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, ওই আলোকচিত্রীকে ধাক্কাও দেওয়া হয়। আলোকচিত্রীকে বলতে শোনা যায়, “আপনি এভাবে হাত দিচ্ছেন কেন?”
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই দ্রুত এগিয়ে আসেন গোবিন্দা। তিনি দেহরক্ষীকে শান্ত হতে বলেন এবং আলোকচিত্রীর দিকে ইঙ্গিত করে জানান, “ও আমার বন্ধু।” এরপর প্রকাশ্যেই ওই আলোকচিত্রীর কাছে ক্ষমা চান অভিনেতা।
ঘটনার পরে পরিস্থিতি শান্ত হলে গোবিন্দা নিজের গাড়ির দিকে এগিয়ে যান। অভিনেতার আচরণে মুগ্ধ হন উপস্থিত অনুরাগীরা। সমাজমাধ্যমেও তাঁর প্রশংসায় ভরেছে মন্তব্যের ঘর।
এক অনুরাগী লিখেছেন, “গোবিন্দা অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ।” আরেকজনের মন্তব্য, “তিনি খুবই দয়ালু। বিষয়টি যেভাবে সামলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।” আবার এক অনুরাগী তাঁকে “অত্যন্ত পেশাদার অভিনেতা” বলেও উল্লেখ করেছেন।










