‎ইতালিয়ান ওপেনে শিরোপা জিতে ইতিহাস গড়লেন ইয়ানিক সিনার

IMG-20260518-WA0053

রোম: ইতিহাস সৃষ্টি করে ইতালিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতার শিরোপা জিতলেন ইতালির তারকা টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। রোমের বিখ্যাত ফোরো ইতালিকোতে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিনার নরওয়ের ক্যাসপার রুড-কে সরাসরি সেটে ৬-৪, ৬-৪ ব্যবধানে পরাজিত করেন।
‎এই জয়ের মাধ্যমে সিনার গত ৫০ বছরে ইতালিয়ান ওপেন জয়ী প্রথম ইতালীয় খেলোয়াড় হয়ে উঠলেন। এর আগে ১৯৭৬ সালে আদ্রিয়ানো পানাত্তা শিরোপা জিতেছিলেন।
‎এই সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি সিনার। তিনি নোভাক জোকোভিচের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সব ৯টি এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। জোকোভিচ ২০১৮ সালে এই রেকর্ড গড়েছিলেন। মাত্র ২৪ বছর বয়সেই সিনার এই অসাধারণ মাইলফলকে পৌঁছালেন।
‎বর্তমানে অসাধারণ ফর্মে রয়েছেন সিনার। তিনি টানা ২৯টি ম্যাচে জয়ী হয়েছেন এবং চলতি বছরে ক্লে কোর্টে তাঁর রেকর্ড ১৭-০। শেষবার ফেব্রুয়ারিতে কাতার ওপেনে জেকুব মেনসিকের কাছে পরাজিত হয়েছিলেন তিনি।
‎আগামী সপ্তাহে শুরু হতে চলা ফ্রেঞ্চ ওপেনকে ঘিরে এখন টেনিস দুনিয়ার নজর তাঁর দিকেই, যেখানে তাঁকে অন্যতম প্রধান শিরোপা প্রার্থী হিসেবে ধরা হচ্ছে। রোলাঁ গারোস এখনও তাঁর জয়ের তালিকায় যুক্ত হয়নি।
‎ফাইনাল ম্যাচে রোমের কেন্দ্রীয় কোর্ট পুরোপুরি সিনারের সমর্থনে মুখরিত ছিল। অধিকাংশ দর্শকই তাঁর সিগনেচার রঙ কমলা রঙের পোশাক পরে উপস্থিত ছিলেন। ম্যাচজুড়ে স্টেডিয়ামে তাঁর নামের স্লোগান শোনা যায়। ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেলা-ও ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন।
‎শিরোপা জয়ের পর সিনার বলেন, “৫০ বছর পর এই ট্রফি আবার ইতালিতে ফিরল। এটি আমার এবং পুরো দেশের জন্য বিশেষ মুহূর্ত।”
‎ফাইনালে দুইবার ফ্রেঞ্চ ওপেনের রানার্সআপ ক্যাসপার রুড শুরুতে এগিয়ে থাকলেও পরে সিনার দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। দ্বিতীয় সেটে শক্তিশালী ব্যাকহ্যান্ড উইনারের মাধ্যমে তিনি ম্যাচ জিতে নেন।
‎ম্যাচ শেষে রুড বলেন, সিনারের পারফরম্যান্সকে ভাষায় প্রকাশ করা কঠিন, ইতিহাস গড়ার জন্য তাঁকে অভিনন্দন।
‎এদিকে পুরুষ ডাবলসেও ইতালির জুটি শিরোপা জেতে দিনটি আরও স্মরণীয় হয়ে ওঠে। সিমোনে বোলেলি ও আন্দ্রেয়া ভাভাসোরি-এর জুটি ফাইনালে মার্সেল গ্রানোলার্স ও হোরাসিও জেবালোস-কে ৭-৬, ৬-৭, ১০-৩ ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
‎১৯৬০ সালের পর এই প্রথম ইতালিয়ান ওপেনে কোনো ইতালীয় জুটি পুরুষ ডাবলস শিরোপা জিতল।

About Author

Advertisement