কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের স্পিনার সুনীল নারিন ইতিহাস সৃষ্টি করেছেন। শনিবার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গেই তিনি আইপিএলে নিজের ২০০তম ম্যাচ সম্পূর্ণ করেন। এর ফলে তিনি আইপিএলে ২০০টি ম্যাচ খেলা প্রথম বিদেশি ক্রিকেটার হয়ে উঠেছেন। একই সঙ্গে একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০টি ম্যাচ খেলা প্রথম ক্রিকেটারও তিনি।
২০১২ সালে কেকেআরে যোগ দেওয়ার পর থেকেই তিনি টানা এই দলের হয়ে খেলছেন। দলের অন্যতম ম্যাচজয়ী ক্রিকেটার হিসেবে পরিচিত নারিন ২০১২, ২০১৪ এবং ২০২৪ সালে দলকে আইপিএল চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর এই ক্রিকেটার তাঁর অফ স্পিন বোলিং দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন, পাশাপাশি কার্যকর ব্যাটার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
আইপিএলে ২০০টি ম্যাচ খেলে নারিন ইতিমধ্যেই ২০৫টি উইকেট নিয়েছেন। পাশাপাশি ১৬৫ দশমিক ৩০ স্ট্রাইক রেটে ১৮২০ রানও করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে একটি শতরান এবং সাতটি অর্ধশতরান। আইপিএলে বিদেশি বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটের মালিকও তিনি। সফলতম বোলারদের তালিকায় তিনি যুজবেন্দ্র চাহাল এবং ভুবনেশ্বর কুমারের পর তৃতীয় স্থানে রয়েছেন।
কেকেআরের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় নারিনের পর দ্বিতীয় স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল, যিনি ১৩৩টি ম্যাচ খেলেছেন। এই তালিকায় গৌতম গম্ভীর ১০৮ ম্যাচ নিয়ে তৃতীয়, ইউসুফ পাঠান ১০৬ ম্যাচ নিয়ে চতুর্থ এবং বরুণ চক্রবর্তী ৯২ ম্যাচ নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।
অন্যদিকে, আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলা বিদেশি ক্রিকেটারদের তালিকায় নারিনের পর দ্বিতীয় স্থানে রয়েছেন কাইরন পোলার্ড, যিনি ১৮৯টি ম্যাচ খেলেছেন। এবি ডি ভিলিয়ার্স এবং ডেভিড ওয়ার্নার ১৮৪টি ম্যাচ নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন। ডোয়েন ব্রাভো ১৬১ ম্যাচ নিয়ে চতুর্থ এবং ফাফ ডু প্লেসি ১৫৪ ম্যাচ নিয়ে পঞ্চম স্থানে আছেন।











