লন্ডন: ম্যানচেস্টার সিটি মর্যাদাপূর্ণ এফএ কাপ ফুটবল প্রতিযোগিতার শিরোপা জয় করেছে। প্রতিযোগিতার ফাইনালে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে চেলসিকে পরাজিত করে খেতাব নিজেদের দখলে আনে। ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে শুরু থেকেই জমজমাট লড়াই দেখা যায়। উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন আন্তনি সেমেনিয়ো। এরলিং হালান্ডের বাড়ানো বল থেকে ডান পায়ের চমৎকার ব্যাক ফ্লিকে তিনি ম্যাচের ৭১তম মিনিটে গোল করেন। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। চেলসি শেষ মুহূর্ত পর্যন্ত সমতা ফেরানোর চেষ্টা চালালেও সফল হতে পারেনি। এটি ম্যানচেস্টার সিটির অষ্টম এফএ কাপ শিরোপা। চলতি মরসুমে এটি দলের দ্বিতীয় ট্রফি। এর আগে মার্চ মাসে আর্সেনালকে পরাজিত করে লীগ কাপও জিতেছিল ম্যানচেস্টার সিটি।এছাড়াও ম্যানচেস্টার সিটি এখনও ইংলিশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে।










