জলপাইগুড়ি: রাজবংশী ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে রাজ্যের বিজেপি সরকার প্রথম বিধানসভা অধিবেশনেই প্রস্তাব উত্থাপন করবে বলে জানিয়েছেন বিধায়ক আনন্দময় বর্মন। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজবংশী ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবি দীর্ঘদিনের এবং এই বিষয়ে কেন্দ্র ইতিমধ্যেই ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
তিনি অভিযোগ করেন, এতদিন তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম বিধানসভা অধিবেশনেই এই সংক্রান্ত প্রস্তাব আনার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ইস্তাহারে রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক জনসভায় রাজবংশী ভাষাকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন।
এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনে রাজবংশী ভাষায় নির্বাচনী প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছিল, যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
বর্তমান উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজবংশী সমাজের বিভিন্ন মহল। কলকাতার রামমোহন মহাবিদ্যালয়ের অধ্যাপক জগদা রায় বলেন, রাজ্য ও কেন্দ্র সরকার রাজবংশী ভাষাকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিচ্ছে জেনে তাঁরা অত্যন্ত আনন্দিত। খুব দ্রুত সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।










