শিলিগুড়ি: নির্বাচনের নামে প্রহসন চলছে বলে মন্তব্য করলেন শিলিগুড়ির প্রবীণ নাগরিক সুকুমার ভাদুড়ী। তাঁর অভিযোগ, বর্তমান নির্বাচনী প্রক্রিয়ায় অযথা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং পরিস্থিতি ক্রমশই হাস্যকর হয়ে উঠছে।সুকুমার ভাদুড়ী বলেন, “এইভাবে নির্বাচন করে কোনও লাভ নেই। গত তিন মাস ধরে মানুষকে অযথা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এর একটা সমাধান হওয়া অত্যন্ত জরুরি। আমি এর তীব্র বিরোধিতা করছি।”শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকুমারবাবু দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত। শহর ও সংলগ্ন বিভিন্ন এলাকায় তিনি কাজ করেছেন। তাঁর দাবি, এত বছর জীবনে এমন সহিংসতা আগে কখনও দেখেননি।তিনি আরও বলেন, “মানুষের সঙ্গে মানুষের অকারণ বিরোধ, হিংসা ও প্রতিযোগিতা বেড়ে চলেছে। এর থেকে আমরা কী পাচ্ছি? আগে নির্বাচনকালে শিলিগুড়ি শান্তিপূর্ণ থাকত, কিন্তু এখন সেই পরিবেশ বদলে গেছে।”তাঁর মতে, মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটেছে এবং আগের মতো আন্তরিকতা আর নেই। “এটা আমাকে খুব কষ্ট দেয়। একসময়ের মিলনসার পরিবেশ এখন আর দেখা যায় না,” বলেন তিনি।সুকুমার ভাদুড়ী জানান, তিনি শিলিগুড়ি ও আশেপাশের বিভিন্ন এলাকা ঘুরে একই পরিবর্তনের ছবি দেখেছেন। মানুষের আচরণে পরিবর্তন এসেছে, যা তাঁর কাছে হতাশাজনক।শেষে তিনি বলেন, “যেদিন আবার মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আগের মতো স্বাভাবিক হবে, সেদিনই আমি নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে গর্ব করতে পারব।”










