শিলিগুড়ি: সিকিমে ভারতীয় জনতা পার্টির রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত ‘মন কি বাত’-এর ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিষ্ট। এই অনুষ্ঠানে সিকিম রাজ্য বিজেপির সভাপতি ডি আর থাপা, সাংসদ ও দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রা, বিহার সরকারের মন্ত্রী দিলীপ কুমার জয়সওয়ালসহ দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের পারমাণবিক বিজ্ঞানীদের অবদানের প্রশংসা করে ভারতের অসামরিক পারমাণবিক কর্মসূচির সাফল্য তুলে ধরেন। তিনি জানান, দেশে স্বনির্মিত দ্রুত প্রজনন রিঅ্যাক্টর সফলভাবে ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছনোর ফলে লক্ষ লক্ষ মানুষের জন্য নিরাপদ ও পরিষ্কার শক্তি সরবরাহের পথে বড় অগ্রগতি সম্ভব হবে।প্রধানমন্ত্রী আরও জানান, দেশের বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা ৫৬ গিগাওয়াট অতিক্রম করেছে এবং এই ক্ষেত্রে বিশ্বে ভারত বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে।এছাড়াও আসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে ভগবান বুদ্ধের শিক্ষা স্মরণ করার আহ্বান জানান তিনি।উত্তর-পূর্বাঞ্চলকে ‘অষ্ট লক্ষ্মী’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য ও প্রতিভায় ভরপুর। তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বাঁশ শিল্পের বিকাশ ঘটেছে এবং এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের উদ্যোগপতিরা বাঁশজাত পণ্য, খাদ্যসামগ্রী, আসবাবপত্র ও হস্তশিল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন।বিশেষভাবে সিকিমের লাগাস্তাল বাঁশ উদ্যোগ দলের প্রশংসা করে তিনি জানান, তারা আসবাবপত্র, ধূপকাঠি ও গৃহসজ্জার সামগ্রী তৈরি করছে। তিনি সকলকে দেশীয় বাঁশজাত পণ্য ক্রয় ও প্রচারের আহ্বান জানান।এছাড়াও প্রধানমন্ত্রী জানান, সিকিম রাজ্যের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপনে তিনি রাজ্যের মানুষের সঙ্গে অংশগ্রহণ করবেন।










