মুম্বই: বক্স অফিসে দুরন্ত সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’। গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই ছবিটি নজিরবিহীন ব্যবসা করছে, যা নিয়ে উচ্ছ্বসিত গোটা চলচ্চিত্র জগৎ। বলিউডের সামগ্রিক উন্নতির স্বার্থে অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’-র মুক্তির তারিখও পিছিয়ে দেন প্রযোজক একতা কাপুর। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সাফল্যকে সাধুবাদ জানিয়ে তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “এই মুহূর্তে বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, যা পুরো ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত ইতিবাচক খবর।”
প্রথম অংশের সাফল্যের পর থেকেই বাণিজ্য বিশ্লেষকরা অনুমান করেছিলেন, সিক্যুয়েলও সমানভাবে জনপ্রিয় হবে। মুক্তির ৩১ দিন পর, অর্থাৎ পঞ্চম সপ্তাহেও সেই পূর্বাভাস সত্য প্রমাণিত হয়েছে। ইতিমধ্যেই তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির আসন দখল করেছে ‘ধুরন্ধর ২’।
আদিত্য ধর পরিচালিত এই ছবি পঞ্চম সপ্তাহেও নিজের দাপট বজায় রেখে ‘বক্স অফিসের বাপ’ খেতাব অর্জন করেছে। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ধুরন্ধর’ এবং ‘দঙ্গল’-এর মতো ব্লকবাস্টার ছবির রেকর্ড ভেঙে দিয়েছে এটি। তবে এখন বড় প্রশ্ন- রণবীরের এই ছবি কি ‘বাহুবলী ২’-এর ঐতিহাসিক রেকর্ড ভাঙতে পারবে?
বর্তমানে প্রায় ৬০ কোটি টাকার ব্যবধানে পিছিয়ে রয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। বিশ্বব্যাপী আয়ের নিরিখে ‘বাহুবলী ২’-কে ছুঁতে এখনও সেই পরিমাণ আয়ের প্রয়োজন। নতুন এক মাইলফলকের খুব কাছেই পৌঁছে গিয়েছে ছবিটি।
‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির ৩১ দিন পর্যন্ত ‘ধুরন্ধর ২’-এর মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৭৪৯.০১ কোটি টাকা। অন্যদিকে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর মোট আয় ১৮১০.৬০ কোটি টাকা। সেই হিসেবে প্রভাস অভিনীত ছবিকে ছুঁতে এখনও প্রায় ৬০ কোটি টাকার প্রয়োজন।
ভারতে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ আয় করেছে ১৩২৯.৩১ কোটি টাকা এবং বিদেশে ৪১৯.৭০ কোটি টাকা। ইতিমধ্যেই দক্ষিণী ব্লকবাস্টার ‘পুষ্পা ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। ‘পুষ্পা ২’-এর মোট আয় ছিল ১৭৪২ কোটি টাকা। ফলে বিশ্বব্যাপী ১৭৪৮.৯১ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির মর্যাদা অর্জন করেছে ‘ধুরন্ধর ২’।










