মাতৃশক্তি কার্ড উন্মোচনে নারী সুরক্ষায় রাজ্যকে আক্রমণ স্মৃতির

hq720 (1)

কোলকাতা(সপ্তর্ষি সিংহ): ছাব্বিশের ভোট যুদ্ধে বাংলার মসনদ দখলের লড়াইয়ে মূল লক্ষ্য ‘মহিলা ভোটব্যাঙ্ক’। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস যেখানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, সেখানে ক্ষমতা দখলের লড়াইয়ে বিজেপিও বাংলার মহিলাদের মন পেতে মরিয়া। ইস্তেহার প্রকাশে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপি ক্ষমতায় এলেই মহিলাদের হাতে উঠবে ৩০০০ টাকা।
কিন্তু এই ভাতার আওতাভুক্ত কারা হবেন, তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছিল বিজেপির সংকল্প পত্র বা ইস্তাহার প্রকাশের পর। অবশেষে সেই বিভ্রান্তি দূর করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার এক সাংবাদিক বৈঠকে ধোঁয়াশা কাটিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বললেন, “কোনও ভেদাভেদ নেই, বাংলার সব মহিলারাই পাবেন ৩ হাজার টাকা। এটাই বিজেপির সংকল্প।” স্মৃতি বলেন, “বাংলার সব মহিলাদের মাসিক ৩০০০ টাকা দেবে বিজেপি সরকার।
এটাই আমাদের সংকল্প।” এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং নেত্রী রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে বিজেপির ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড উন্মোচন করেন স্মৃতি ইরানি। সভামঞ্চ থেকেই ৫ জন মহিলার হাতে এই কার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি, দুর্গাপুর পূর্ব-সহ বিভিন্ন এলাকায় বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে এই কার্ডের ফর্ম পূরণের কাজও শুরু হয়ে গিয়েছে। স্মৃতি ইরানি আরও বলেন, অমিত শাহ ঘোষিত সংকল্পপত্রে হিন্দুদের সুরক্ষা ও মহিলাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
পয়লা বৈশাখের প্রসঙ্গ টেনে তিনি বাংলার মাটি ও মা-বোনেদের সম্মান রক্ষার আহ্বান জানান। তাঁর দাবি, মহিলাদের সুরক্ষার প্রশ্নে রাজ্য সরকার ব্যর্থ, যেখানে কেন্দ্রীয় সরকার মহিলাদের পাশে দাঁড়িয়েছে। স্মৃতির স্পষ্ট বক্তব্য, সরকারে এলে বাংলার সব মহিলাদের মুখেই হাসি ফোটাবে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার। তবে ইস্তেহারের প্রতিশ্রুতির সঙ্গে ফারাক রইল বিস্তর।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভাতা ঘিরে একাধিক প্রশ্ন থাকলেও বিজেপির ‘মাতৃশক্তি ভরসা’ কার্ডের পরবর্তী পদক্ষেপ কী হবে, তার চূড়ান্ত উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের পরই। এই উদ্যোগের মাধ্যমে বিজেপি রাজ্যের মহিলাদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় এই ভাতা প্রদান করা হবে।

About Author

Advertisement