কলকাতা(শুভাশিস বিশ্বাস): বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নববর্ষের এই শুভক্ষণে রাজনৈতিক বার্তাও উঠে এসেছে দুই শিবির থেকেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা ও সুর করা একটি গান সামাজিক মাধ্যমে শেয়ার করে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, রাজ্যের সকল প্রান্তের মানুষকে হৃদয়ের অন্তর থেকে বাংলা নববর্ষের শুভনন্দন। নবীন ঊষালগ্নে সকলের জীবন গ্লানিমুক্ত ও পবিত্রতায় ভরে উঠুক বলে তিনি কামনা করেন।
তিনি আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই ১০৫টি সামাজিক প্রকল্প চালু করেছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণই প্রধান লক্ষ্য। পাশাপাশি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভোটাধিকার রক্ষার জন্য মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও পরোক্ষ সমালোচনা করেন তিনি।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী বছরে সকলের ইচ্ছা পূরণ হোক। তিনি বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ভারতের সভ্যতার গর্ব বলে উল্লেখ করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও নববর্ষে শুভেচ্ছা জানিয়ে উন্নয়ন, সুশাসন ও সকলের কল্যাণের নতুন অধ্যায়ের আশা প্রকাশ করেন। একই সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনও রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।
নববর্ষের এই দিনে শাসক ও বিরোধী শিবিরের শুভেচ্ছা বার্তার পাশাপাশি রাজ্য রাজনীতির উত্তাপও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।









