প্রথম দফার ভোটে ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কড়া নিরাপত্তায় ভোটের প্রস্তুতি চূড়ান্ত

IMG_20260416_090437 (1)

কলকাতা: আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোটকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
প্রথম দফায় রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভোটগ্রহণ হবে। পাশাপাশি মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতেও প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সর্বাধিক বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদ জেলায়, মোট ৩১৬ কোম্পানি। এর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২৪০ কোম্পানি এবং জঙ্গিপুরে ৭৬ কোম্পানি বাহিনী থাকবে।
এরপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর, যেখানে ২৭৩ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই জেলাতেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থাকায় অতিরিক্ত নজরদারি রাখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে ২৭১ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাঁকুড়ায় ১৯৩ কোম্পানি, বীরভূমে ১৭৬ কোম্পানি এবং মালদহে ১৭২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি পুরুলিয়ায় ১৫১, কোচবিহারে ১৪৬, উত্তর দিনাজপুরে ১৩২, দক্ষিণ দিনাজপুরে ৮৩, ঝাড়গ্রামে ৭৪, দার্জিলিংয়ে ৬১, কালিম্পঙে ২১, জলপাইগুড়িতে ৯২ এবং আলিপুরদুয়ারে ৭৭ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ৪৪ কোম্পানি এবং আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী সোমবারের মধ্যেই সব জেলায় বাহিনী মোতায়েন সম্পূর্ণ করতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু হয়েছে। কমিশনের দাবি, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভোট প্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখা হবে।

About Author

Advertisement