কোলকাতা: রাজ্যের ভারতীয় নির্বাচন কমিশন এর সিইও দফতরের সামনে বুধবার সকাল থেকেই আবারও উত্তেজনা ছড়ায়। এদিন সকাল থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর কর্মী-সমর্থকেরা দফতরের সামনে ধরনা ও অবস্থান কর্মসূচি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় এবং গোটা এলাকা ব্যারিকেড করে দেওয়া হয়।
সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতেও তৃণমূল কর্মী-সমর্থকেরা সিইও দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান চালান। ঘটনাকে কেন্দ্র করে কমিশনের পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে জানানো হয়, “এই ধরনের অসামাজিক কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
মঙ্গলবার রাতের ঘটনায় পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে জমায়েতকারীরা কিছুটা সরে যান। একইসঙ্গে কমিশনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে স্পষ্ট জানানো হয় যে অবাধ ও সুষ্ঠু বিধানসভা নির্বাচন নিশ্চিত করতে কোনও রকম বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
এরপরও বুধবার সকাল থেকে ফের তৃণমূল কর্মী-সমর্থকেরা সিইও দফতরের সামনে জড়ো হয়ে অবস্থান শুরু করেন, ফলে এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে সিইও মনোজ আগরওয়াল এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। পরে পুলিশ কমিশনার সংশ্লিষ্ট থানার আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, এক ব্যক্তি ব্যাগভর্তি ফর্ম ৬ নিয়ে নির্বাচন দফতরে প্রবেশ করেছে, এই অভিযোগ তুলেছে তৃণমূল। বিপুল সংখ্যক ফর্ম জমা দেওয়া নিয়ে বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সিইও দফতরের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা তৈরি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।










