কোচবিহার: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতিতে নেমেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কোচবিহার জেলার নয়টি বিধানসভা আসন দখলের লক্ষ্যে ইতিমধ্যে দলীয় প্রার্থীদের নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রার্থীরা ছাড়াও দলের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন ও বিভিন্ন ব্লকের সভাপতিরা।
বৈঠকে মূলত নির্বাচনী রণনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোন আসনে কীভাবে প্রচার চালানো হবে, কোথায় কোন ইস্যুকে গুরুত্ব দেওয়া হবে তা নিয়েও নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেয় দলীয় নেতৃত্ব। বিজেপিকে কোচবিহারের সব আসনে পরাস্ত করাই এবার প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।এদিন প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারেও ব্যস্ত ছিলেন।
তুফানগঞ্জের প্রার্থী শিবশঙ্কর পাল দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। নাটাবাড়ি কেন্দ্রে প্রার্থী শৈলেন বর্মা প্রচারে অংশ নেন। কোচবিহার দক্ষিণে প্রার্থী অভিজিৎ দে ভৌমিক শহরে জনসংযোগ করেন। অন্যদিকে কোচবিহার উত্তর কেন্দ্রে প্রার্থী পার্থ প্রতিম রায় নির্বাচনী কার্যালয়ে বৈঠক করেন। সিতাই এলাকায় প্রচার চালান প্রার্থী সঙ্গীতা রায় এবং দিনহাটায় সভা করতে দেখা যায় উদয়ন গুহকে। বাকি প্রার্থীরাও নিজেদের কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
এদিন তৃণমূলের জেলা সভাপতি তথা কোচবিহার দক্ষিণের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক বলেন, “নির্বাচনে নয়টির নয়টি আসন জেতার লক্ষ্যে আমরা এগোচ্ছি। সব প্রার্থী ও নেতৃত্বদের নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ”সব মিলিয়ে, নির্বাচনের আগে কোচবিহারে সংগঠনিক শক্তি আরও মজবুত করে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিল তৃণমূল কংগ্রেস।
এদিকে তৃণমূলের পাশাপাশি ভোট প্রচারে নেমে পড়েছেন বিজেপি সহ বাম দলগুলি। বিজেপি দলের পক্ষ থেকে দিনহাটা কেন্দ্রে অজয় রায়, তুফানগঞ্জে মালতি রাভা, শীতলকুচি কেন্দ্রে সবিতা বর্মন সহ অন্যান্য এলাকাগুলিতে প্রচার শুরু হয়েছে। বিজেপির দাবি তৃণমূল যতই রণকৌশল করুক না কেন মানুষ এবার পরিবর্তন চাইছে।









