ইতালির বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ৪২ রানে জয়

IMG-20260219-WA0080

কলকাতা: আইসিসি টি২০ বিশ্বকাপের গ্রুপ সি-এর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইতালির বিরুদ্ধে ৪২ রানে জয়লাভ করেছে। এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ চারটি ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে অপরাজিত রয়েছে। এই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইংল্যান্ড দ্বিতীয় স্থানে থেকে সুপার ৮-এ যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে ইতালি ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। জবাবে ইতালি ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়। লক্ষ্য তাড়া করতে নেমে ইতালি শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে। শামার জোসেফের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলাররা ধারাবাহিকভাবে উইকেট নিয়ে দলকে সহজ জয় এনে দেন।
ইতালির হয়ে বেন মানেত্তি সর্বাধিক ২৬ রান করেন। তিনি ২১ বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া জেজে স্মাটস ২৪ এবং অ্যান্থনি মোসকা ১৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে শামার জোসেফ ৪টি এবং ম্যাথিউ ফোর্ড ৩টি উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ অসাধারণ অর্ধশতক করেন। দলের শুরু ভালো না হলেও ৩১ রানে ২ উইকেট পড়ে যায়। তবে ওপেনার হোপ লড়াই চালিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। তিনি ৪৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭৫ রান করেন। হোপ রোস্টন চেসের সঙ্গে তৃতীয় উইকেটের জন্য ৬৬ রানের জুটি গড়েন। চেস ২৪ রান করেন। এছাড়া শেরফেন রাদারফোর্ড ১৫ বলে ২৪ রান করেন, যার মধ্যে ছিল ২টি চার ও ১টি ছক্কা।
ইতালির বোলারদের মধ্যে বেন মানেত্তি ও ক্রিশন কালুগামাগে ২টি করে উইকেট নেন। শাই হোপ ম্যাচসেরা পুরস্কার অর্জন করেন।

About Author

Advertisement