২২ মার্চের মধ্যে জেলাশাসকদের বাংলো খালি করার নির্দেশ নির্বাচন কমিশনের

8635479196_c2d69591ca_c

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে রাজ্য প্রশাসনে একাধিক বদলির পর এবার জেলাশাসকদের সরকারি বাংলো খালি করা নিয়ে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সদ্য বদলি হওয়া প্রাক্তন জেলাশাসকদের আগামী ২২ মার্চের মধ্যে তাঁদের দখলে থাকা সরকারি বাংলো অবশ্যই খালি করতে হবে।
ভোট ঘোষণা হওয়ার পর থেকেই নবান্ন থেকে জেলাস্তর পর্যন্ত প্রশাসনে বড়সড় রদবদল শুরু হয়েছে। ইতিমধ্যেই একঝাঁক আইএএস ও আইপিএস আধিকারিককে বদলি করেছে নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে অনেককে আবার ভিন রাজ্যে নির্বাচন পর্যবেক্ষক হিসেবেও পাঠানো হয়েছে। নির্বাচনের আগে এই ব্যাপক প্রশাসনিক বদলিকে ঘিরে রাজ্য রাজনীতিতেও চাঞ্চল্য তৈরি হয়েছে। এত বিপুল সংখ্যক আধিকারিককে কেন বদলি করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
এই পরিস্থিতিতেই নতুন করে শুরু হয়েছে বাংলো বিতর্ক। কমিশন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দায়িত্ব পাওয়া কয়েকজন নতুন জেলাশাসক মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে একটি অভিযোগ জানান। তাঁদের দাবি, নির্বাচনের কাজে যোগ দিলেও তাঁদের জন্য নির্ধারিত সরকারি বাংলোগুলি এখনও খালি করেননি সদ্য বদলি হওয়া প্রাক্তন জেলাশাসকেরা।
এই অভিযোগ শুনে কমিশনের শীর্ষ আধিকারিকরা বিস্ময় প্রকাশ করেন। সূত্রের খবর, মালদহ, জলপাইগুড়ি ও কোচবিহার-সহ কয়েকটি জেলায় এই সমস্যা দেখা দিয়েছে। অভিযোগ, বদলি হওয়ার পরেও প্রাক্তন জেলাশাসকেরা সরকারি বাংলো ছাড়ছেন না।
বিষয়টি নজরে আসার পরই কড়া অবস্থান নেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ২২ মার্চের মধ্যেই সংশ্লিষ্ট বাংলোগুলি খালি করতে হবে।
নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়েছে, জেলাশাসকের বাংলো শুধু তাঁর বাসভবন নয়, প্রয়োজনে সেটি তাঁর কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়। তাই নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে কোনওভাবেই সেই বাংলো দখলে রাখা যাবে না।

About Author

Advertisement