নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ক্রমেই বাড়ছে এবং চাপ বাড়ছে আমেরিকার ওপরেও। এই পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উদ্দেশে তিনি বলেন, আটচল্লিশ ঘণ্টার মধ্যে প্রণালী না খুললে ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিঘাত করা হবে।
রবিবার সমাজমাধ্যমে করা এক বার্তায় ট্রাম্প জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালী খুলে না দিলে ইরানের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আক্রমণ চালিয়ে সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। তিনি আরও বলেন, ইরানের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকেই এই অভিযান শুরু করা হবে।
সমাজমাধ্যমে প্রকাশিত ওই বার্তায় হরমুজ প্রণালীর একটি অংশ খুলে দেওয়ার জন্য ইরানের ওপর চাপ বাড়ান ট্রাম্প। আমেরিকা ও ইজরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকেই তেহরান এই গুরুত্বপূর্ণ প্রণালী বন্ধ করে দেয়।
হরমুজ প্রণালী খোলার প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, এই সময় থেকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে যদি ইরান প্রণালী না খুলে দেয়, তাহলে আমেরিকা তাদের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আক্রমণ শুরু করবে এবং সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেবে। সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আঘাতের মাধ্যমেই এই অভিযান শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্বে ব্যবহৃত জ্বালানির একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। তাই এটি জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। আমেরিকা ও ইজরায়েলের হামলার জবাবে এই প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, যার ফলে জ্বালানি সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
আন্তর্জাতিক ক্ষেত্রেও অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশ তাদের সংরক্ষিত তেল বাজারে ছেড়ে দিয়েছে। শুক্রবার ট্রাম্প প্রশাসনও ইরানের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এক মাসের জন্য তুলে নিয়েছে। এই পরিস্থিতিতেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।










