মাদ্রিদ: স্প্যানিশ লা লিগা ফুটবল প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে, অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদকে হতাশাজনক পরাজয়ের মুখে পড়তে হয়েছে।
রবিবার রাতে খেলা ম্যাচে রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে পরাজিত করে। অ্যাওয়ে ম্যাচে ৬১ শতাংশ বল দখল রেখে খেলা রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে দুটি গোল করে। ৬৫তম মিনিটে ডিফেন্ডার আলভারো কারেরাস দলকে এগিয়ে দেন, আর ইনজুরি টাইমের প্রথম মিনিটে কিলিয়ান এমবাপ্পে আরও একটি গোল করে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। বর্তমানে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে তাদের ব্যবধান মাত্র ১পয়েন্ট।
অন্যদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদকে রিয়াল বেতিসের বিরুদ্ধে ০-১ গোলে হতাশাজনক হার স্বীকার করতে হয়েছে। নিজেদের মাঠ রিয়াদ এয়ার মেট্রোপলিতানোতে ৬৪ শতাংশ বল দখল রেখেও অ্যাটলেটিকো গোল করতে ব্যর্থ হয়। রিয়াল বেতিসের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন অ্যান্টনি, ২৮তম মিনিটে।
অ্যাটলেটিকো মাদ্রিদ ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, আর পঞ্চম স্থানে থাকা রিয়াল বেতিসের সংগ্রহ ৩৮ পয়েন্ট।
অন্যান্য ম্যাচে গেটাফে আলাভেসকে ২-০ গোলে হারিয়েছে, আর সেভিয়া ও জিরোনার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।











