শুভেন্দুর মনোনয়নে উত্তেজনা, ভবানীপুরে পরিবর্তনের ডাক শাহের

IMG-20260402-WA0084(1)

কোলকাতা(সপ্তর্ষি সিংহ): বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় ১১. ৫৪। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, রাসবিহারী কেন্দ্রের প্রার্থী স্বপন , বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী শতরূপার মনোনয়ন জমা দিতে গতকাল রাতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই তিন প্রার্থীর মনোনয়ন ঘিরে একদিকে যেমন ভবানীপুর সেজে উঠেছিল তেমন বেশ কিছুটা উত্তপ্ত হল।
শোভাযাত্রা শুরু হওয়ার আগেই হাজরা মোড়ে গেরুয়া পতাকা, শঙ্খ ধ্বনি, জয় শ্রীরাম শ্লোগান, মাদলের বাজনায় গমগম করতে থাকে। একটি ছোট জনসভায় উপস্থিত থাকেন তিন প্রার্থী ছাড়াও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, তথাগত রায়, চৌরঙ্গী কেন্দ্রের প্রার্থী সন্তোষ পাঠক। শুভেন্দু অধিকারীদের মনোনয়ন পর্বের রোড শো হাজরা মোড় থেকে শুরু হয়। ভবানীপুর চত্বরে বিশাল শোভাযাত্রায় বিপুল সংখ্যক কর্মী সমর্থক দলীয় পতাকা ও ব্যানার নিয়ে শামিল হন।
ছোট জনসভা থেকে অমিত শাহ বলেন, ১৫ দিন বাংলায় থাকব। চার প্রার্থীর মনোনয়ন জমার জন্য আজ এসেছি কিন্ত বিশেষত এসেছি শুভেন্দুর জন্য। তৃণমূল সরকারকে টাটা বাই বাই বলুন। বাংলার ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরো বাংলার মানুষ চাইছে পরিবর্তন হোক। বিজেপি সরকার গড়ুক। দুর্নীতি মুক্ত করে সোনার বাংলা গড়বে। আগামী ৫মে মমতা বন্দোপাধ্যায়কে তাড়িয়ে বিজেপি সরকার গড়বে। শুধু একটা সিট্ ভবানীপুর নয় সমগ্র রাজ্যে পরিবর্তন দরকার। আমি শুভেন্দুকে বলেছি নন্দীগ্রাম নয় ভবানীপুরে ঘরে ঢুকে মমতাকে হারাতে হবে।
শুধু হারানো নয় তৃণমূলকে উপড়ে ফেলতে হবে। একমাত্র সুশাসন বাংলায় নরেন্দ্র মোদির সরকার। অন্যান রাজ্যে বিজেপির বিকাশ প্রতিষ্ঠিত হয়েছে এবার বাংলা। শ্যামাপ্রসাদের সোনার বাংলা তৈরী হবে।ভোটারদের উদ্দেশে শুভেন্দু বলেন, আমরা গর্বিত। যিনি শ্যামাপ্রসাদের স্বপ্নপূরন করেছেন অমিত শাহ আশীর্বাদ জানাতে এসেছেন আমাকে। যিনি দেশের মাটিতে সুসাশন এনেছেন তিনি ভবানীপুরের মাটিতে বিজেপির সরকার গড়বেন।
এরপর গাড়িতে অমিত শাহ এক পাশে শমীক অন্যদিকে শুভেন্দুকে সঙ্গে নিয়ে মনোনয়ন দিতে যান। গাড়িতে যখন শোভাযাত্রা জুড়ে এগিয়ে চলছে রাস্তায় তখন ডিজের ছন্দ দেখতে দুপ্রান্তে মানুষ বাড়ির ছাদে, জানলা দিয়ে প্রবল উৎসাহে দেখলেন আবার অনেকে ক্যামেরা বন্দি করলেন।অমিত শাহ গাড়ি থেকে কর্মীদের উদ্দেশে যখন হাত নাড়লেন তখন ব্যঞ্জ, তাসা, গেরুয়া বেলুন, খোল করতাল থেকে ডিজে গানে প্রতীকি কার্টুন সাজিয়ে নৃত্য কিংবা দেবদেবীর পোশাকে বাঙালি অস্মিতাকে তুলে ধরা হল শোভাযাত্রায়।
হাজরা থেকে বিজেপির শোভাযাত্রায় মিছিলের সামনে থাকা বিপুল সমর্থকদের দিকে গাড়ি থেকে পুষ্পবৃষ্টি করতে থাকেন। এদিকে কালীঘাট ফায়ার ব্রিগেডের সামনে তৃণমূল সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন, দেন স্লোগানও। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে তৃণমূলের জমায়েত থাকলেও পুলিশের কড়া নিরাপত্তা চোখে পড়ে। জয় বাংলা স্লোগান থেকে শুভেন্দু চোর চোর বলতে থাকেন। তৃণমূলের কর্মী-সমর্থকেরা মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।
তাঁদের সঙ্গে বচসা, তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকেরাও। পুলিশ গোটা পরিস্থিতি সামালায়। যদিও শাহের রোড শো যে এলাকা দিয়ে যায় সেখানে পুলিশ কোনোরকম ভিড় জমতে দেয়নি। এরপর নিরাপত্তা সংস্থা মমতার বাড়ির গলির সামনে দিয়ে শাহকে আর ট্রাকে চেপে যেতে দেয়নি। গাড়িতে করেই সার্ভে বিল্ডিং গেলেন তিনি।
রোড শো আগের মতোই রাস্তা দিয়ে যায়। ভবানীপুর আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিয়ে সার্ভে বিল্ডিং থেকে বেরোলেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেরিয়ে যান সার্ভে বিল্ডিং থেকে।

About Author

Advertisement