শিলিগুড়ি: শিলিগুড়িতে যৌন হয়রানির দুটি পৃথক ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অভিনাশ পাঠক ও দিলীপ সাহা।
পুলিশ সূত্রে জানা গেছে, সিকিমের এক তরুণী কাজের সূত্রে লিম্বু বস্তি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। একদিন তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কাছের একটি দোকানে যান। অভিযোগ, সেই সময় দোকানের মালিক অভিনাশ পাঠক তাঁর সঙ্গে যৌন হয়রানি করেন। পরে ওই তরুণী ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
অন্যদিকে আশিঘর ফাঁড়ির অন্তর্গত আমতলা এলাকায় আরেকটি ঘটনা ঘটে। স্থানীয় একটি কীর্তন অনুষ্ঠানের সময় এক নাবালিকার সঙ্গে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ওই ঘটনায় দিলীপ সাহাকে স্থানীয় বাসিন্দারা হাতেনাতে ধরে পুলিশে তুলে দেন। পরে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
শুক্রবার ধৃত দুইজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ঘটনাগুলির তদন্ত পুলিশ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।










