কলকাতা: রেড রোডে ঈদের নামাজে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ‘এসআইআর’ ইস্যুতে সরব হলেন। শুধু তাই নয়, ‘এসআইআর’-এ নাম বাদ যাওয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্রভাবে নিশানা করেন তিনি। মমতা জানান, ‘এসআইআর’ নিয়ে যে লড়াই তিনি শুরু করেছেন, তা আগামী দিনেও অব্যাহত থাকবে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঞ্চ থেকে তিনি ঐক্য ও সম্প্রীতির বার্তা দেন।
বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ‘এসআইআর’ ইস্যুতে শুরু থেকেই সরব মমতা। সভা হোক কিংবা সাংবাদিক সম্মেলন—সব ক্ষেত্রেই তিনি কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানিয়ে আসছেন। শনিবার রেড রোডে ঈদের নামাজেও সেই অবস্থান বজায় রাখেন তিনি।
প্রথমে সকলকে ঈদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এরপরই ‘এসআইআর’ প্রসঙ্গে তিনি কড়া সুরে কথা বলেন। তাঁর কথায়, “এসআইআরে অনেকের নাম কেটে দেওয়া হয়েছে। আমি এই বিষয় নিয়ে লড়াই করছি। সেই কারণেই উচ্চ আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়েছি। সবার অধিকার রক্ষার জন্য আমার এই লড়াই চলতেই থাকবে।
এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মমতা বলেন, “আমাদের অধিকার মোদীজি কেড়ে নিতে পারবেন না।” তিনি মোদিকে “সবচেয়ে বড় অনুপ্রবেশকারী” বলেও কটাক্ষ করেন। মমতা বলেন, “তিনি যখন সৌদি আরবে গিয়ে করমর্দন করেন কিংবা দুবাইয়ে গিয়ে আলিঙ্গন করেন, তখন তাঁর হিন্দু-মুসলমানের কথা মনে পড়ে না। কিন্তু দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে।
একই সঙ্গে তিনি বলেন, সৌদি আরব হোক বা দুবাই—সবাই ভারতের বন্ধু দেশ। মমতা শুধু মোদীকেই নয়, তাঁর সরকার এবং ভারতীয় জনতা পার্টিকেও তীব্রভাবে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, “ভারতীয় জনতা পার্টি গুন্ডা ও ডাকাতদের দল। যারা বাংলাকে লক্ষ্য করবে, তারা নরকে যাবে।”
মমতার কয়েক মিনিটের বক্তৃতার বড় অংশই ‘এসআইআর’ প্রসঙ্গকে ঘিরে ছিল।
অন্যদিকে শনিবার রেড রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা ছিল তুলনামূলক সংক্ষিপ্ত। তিনি মানবতা, ঐক্য এবং সম্প্রীতির কথা তুলে ধরেন। তাঁর কথায়, “মানবতার জন্য সকলকে একজোট হতে হবে। বাংলার সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকুক। রমজানে রাম আছেন, আর দীপাবলিতে আছেন আলি। যে চাঁদ দেখে ঈদ হয়, সেই চাঁদ দেখেই করবা চৌথও পালন করা হয়।”









