নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী ১ ফেব্রুয়ারি টানা নবমবারের মতো কেন্দ্রীয় বাজেট পেশ করে দেশের সংসদীয় ইতিহাসে এক নতুন রেকর্ড গড়তে চলেছেন। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার আবহে পেশ হতে চলা এই বাজেট থেকে সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমে উন্নয়নের গতি বাড়বে বলে ব্যাপক প্রত্যাশা রয়েছে।
এই সাফল্যের সঙ্গে সঙ্গেই সীতারামন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের মোট ১০টি বাজেট পেশের রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে যাবেন। দেশাই ১৯৫৯–১৯৬৪ সময়কালে ছয়টি এবং ১৯৬৭–১৯৬৯ সময়কালে চারটি বাজেট পেশ করেছিলেন। তবে ধারাবাহিকভাবে বাজেট পেশের ক্ষেত্রে নির্মলা সীতারামনই শীর্ষে থাকবেন। তিনি প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরম (৯টি বাজেট) এবং প্রণব মুখার্জি (৮টি বাজেট)-কেও পিছনে ফেলেছেন, যাঁরা ভিন্ন ভিন্ন মেয়াদে এই সংখ্যা স্পর্শ করেছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী হিসেবে সীতারামন ইতিমধ্যেই ফেব্রুয়ারি ২০২৪-এর অন্তর্বর্তী বাজেটসহ টানা আটটি বাজেট পেশ করেছেন।
স্বাধীন ভারতের বাজেট ইতিহাসের কয়েকটি উল্লেখযোগ্য তথ্য নিচে তুলে ধরা হল:~
প্রথম বাজেট:
দেশের প্রথম সাধারণ বাজেট ২৬ নভেম্বর ১৯৪৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী আর. কে. শানমুখম চেট্টি পেশ করেছিলেন।
সর্বাধিক বাজেট:
জওহরলাল নেহরু ও লাল বাহাদুর শাস্ত্রী সরকারের আমলে মোরারজি দেশাই মোট ১০ বার বাজেট পেশ করে শীর্ষস্থান অধিকার করেন।
অন্যান্য উল্লেখযোগ্য পরিসংখ্যান:
পি. চিদম্বরম নয়বার এবং প্রণব মুখার্জি আটবার বাজেট পেশ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ১৯৯১–১৯৯৫ সময়কালে টানা পাঁচটি বাজেট পেশ করেছিলেন।
ভাষণের সময়কাল:
সবচেয়ে দীর্ঘ বাজেট ভাষণের রেকর্ড নির্মলা সীতারামনের নামে রয়েছে। ১ ফেব্রুয়ারি ২০২০ সালে তিনি ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে বাজেট ভাষণ দেন। অন্যদিকে, ১৯৭৭ সালের হীরুভাই মুলজিভাই প্যাটেলের অন্তর্বর্তী বাজেট ভাষণ (মাত্র ৮০০ শব্দ) ছিল সবচেয়ে সংক্ষিপ্ত।
সময় ও তারিখে পরিবর্তন:
১৯৯৯ সালের আগে বাজেট বিকেল ৫টায় পেশ করা হতো, যা যশবন্ত সিনহা পরিবর্তন করে সকাল ১১টায় নিয়ে আসেন। একইভাবে, ২০১৭ সাল থেকে বাজেট পেশের তারিখ ২৮ ফেব্রুয়ারির বদলে ১ ফেব্রুয়ারি করা হয়, যাতে ১ এপ্রিল থেকে নতুন অর্থবছর নির্বিঘ্নে শুরু করা যায়।









