মানিকচক: মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুরের বোচাহি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকায় মজুত থাকা বিপুল পরিমাণ প্লাস্টিকের সামগ্রীতে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে হইচই পড়ে যায় এবং দাউ দাউ করে জ্বলতে থাকে প্লাস্টিকের সামগ্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পর দমকলকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে দমকল পৌঁছায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অল্পের জন্য রক্ষা পায় আশপাশের বহু বাড়িঘর।
স্থানীয়দের দাবি, বিভিন্ন জায়গায় পণ্য পাঠানোর জন্য ব্যবহৃত প্লাস্টিকের ক্যারেটগুলি ওই এলাকায় মজুত করে রাখা ছিল। সেখান থেকেই হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই কয়েকশো প্লাস্টিকের ক্যারেট পুড়ে ছাই হয়ে যায়।
কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তবে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।










