মহাকাল পুজোর মধ্য দিয়ে উৎসবে শামিল মন্ত্রী উদয়ন গুহ

IMG-20260216-WA0023

দিনহাটা: বিধানসভা নির্বাচন খুব বেশি দেরি নেই। আর এই নির্বাচনের আগে মহাকাল পুজোর মধ্য দিয়ে উৎসবে শামিল হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা সংহতি ময়দানে নিরামিষ খেয়ে গভীর রাত পর্যন্ত পুজো ও মহাযজ্ঞে সামিল হলেন মন্ত্রী। কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতৃত্ব। এদিকে রবিবার রাতে তিথি মেনে পুজো শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলে পুজো। দিনহাটা সংহতি ময়দানে মন্ত্রীর উদ্যোগে মহাকাল পুজোর পাশাপাশি মেলা শুরু হয়েছে। এদিন সংহতি ময়দানে তৃতীয় বর্ষ শিব পুজো শুরুর আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, শহর ব্লক সভাপতি বিশু ধর, মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী ডালিয়া চক্রবর্তী, তৃণমূল নেতা সায়ন্তন গুহ, তৃণমূলের এসসি ওবিসি সেলের শহর ব্লক সভাপতি হীরালাল দাস, যুব তৃণমূলের শহর ব্লক সভাপতি পার্থ সাহা, পুরসভার কাউন্সিলরদের চঞ্চল সাহা, বাবলু সাহা, জয়শ্রী সরকার, পার্থনাথ সরকার, মুক্তি রায়, পুলক বোস থেকে শুরু করে অনেকেই। শিবচতুর্দশী উপলক্ষে সংহতি ময়দানে এই পুজোকে ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন শতবর্ষ প্রাচীন দিনহাটা থানা শিববাড়ি সহ শহরের বিভিন্ন শিব মন্দির গুলিতে জল ঢালতে ভক্ত প্রাণ মানুষের ভিড় উপচে পড়ে। সাবেক ছিটমহল শিবপ্রসাদ মুস্তাফিতে শতবর্ষ প্রাচীন মন্দিরেও ভিড় উপচে পড়ে পুণ্যার্থীদের। এদিকে মন্ত্রী উদ্যোগে মহাকাল পুজো উপলক্ষে আদাবাড়ি ঘাট থেকে জল নিয়ে আসা হয়। সেই জল নিয়ে শোভাযাত্রা হয় শহরে।
তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, মানুষের ধর্মীয় ভাবাবেককে সম্মান দিয়ে মন্ত্রী উদয়ন গুহর উদ্যোগে গত কয়েক বছর ধরে এই পুজো শুরু হয়েছে। পুজোকে ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা কালে কয়েক হাজার মহিলা সহ বহু সাধারণ মানুষ অংশ নেয়।মন্ত্রী উদয়ন গুহ বলেন, শিবের পূজো মানে মহিলাদেরই আগ্রহ বেশি। আমরা আহ্বান জানিয়েছিলাম। দলে দলে মহিলারা শোভাযাত্রায় শামিল হয়েছে। যত লোক শোভাযাত্রা হেঁটেছে তার চেয়ে দ্বিগুণ লোক মাঠে উপস্থিত ছিলেন। পুজোর পাশাপাশি সকাল থেকে শুরু হবে কয়েক হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ। মন্ত্রী জানিয়েছেন, রাজ আমল থেকেই কোচবিহারের অধিকাংশ মানুষ শিবভক্ত।তাঁদের সেই মানসিকতা কে শ্রদ্ধা জানিয়ে, গত তিন বছর থেকে সংহতি ময়দানে আমরা শুরু করেছি মহাকালের পুজো।

About Author

Advertisement