মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থান, ভবানীপুরে কাউন্সিলরদের ভর্ৎসনা

mamata-banerjee_3c55b9b2fb95a56a75e89bba3167db75

কলকাতা: দিল্লি সফরের ঠিক আগে ভবানীপুর বিধানসভা এলাকায় সংগঠন ও ভোটার তালিকা নিয়ে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে তাঁর বাসভবনে কাউন্সিলর ও বিএলএ–২ স্তরের নেতাদের নিয়ে এক জরুরি বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, দেবাশিস কুমার ও অসীম বসু।
বৈঠক চলাকালীন কাউন্সিলরদের ভর্ৎসনা করে মুখ্যমন্ত্রী বলেন, এলাকায় সংগঠনের কাজ সঠিকভাবে হচ্ছে না—এমন খবর তিনি পাচ্ছেন। বিশেষ করে ভবানীপুরে খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়ার ঘটনায় তিনি গভীর অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে তিনি কাউন্সিলরদের নির্দেশ দেন, প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে যোগাযোগ করতে হবে এবং ভোটার তালিকায় কোনো রকম অনিয়ম বা ত্রুটি যেন না থাকে, তা নিশ্চিত করতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রক্রিয়াকে ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই’ হিসেবে উল্লেখ করে ৬৩ ও ৭২ নম্বর ওয়ার্ডে সংগঠন আরও সক্রিয় করার নির্দেশ দেন। পাশাপাশি, লজিক্যাল ডিসক্রেপ্যান্সি সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তি এবং যেসব নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে, তাদের তালিকা অবিলম্বে সরবরাহ করার কথাও তিনি জানান।
এছাড়াও, তিনি প্রতিদিনের কাজের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। সমস্ত কাউন্সিলরকে সেই রিপোর্ট ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমারের কাছে জমা দিতে হবে এবং ফিরহাদ হাকিম সরাসরি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লি যাত্রার আগে নিজের বিধানসভা এলাকায় সংগঠনকে আরও মজবুত করা এবং ভোটার তালিকায় কোনো ধরনের অনিয়ম ঠেকাতেই মুখ্যমন্ত্রীর এই কঠোর পদক্ষেপ।

About Author

Advertisement