মনপ্রীত সিংকে দল থেকে বাদ দেওয়ায় সমর্থনে এলেন কোচ ফুলটন

IMG-20260131-WA0040

নয়াদিল্লি: টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী অধিনায়ক এবং প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলের সদস্য প্রখ্যাত হকি খেলোয়াড় মনপ্রীত সিং, দিলপ্রীত সিং ও গোলকিপার কৃষ্ণ বাহাদুর পাঠককে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে ভারতীয় হকিতে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে, কারণ প্রধান কোচ ক্রেগ ফুলটন প্রকাশ্যে মনপ্রীতের সমর্থনে এগিয়ে এসেছেন।
মনপ্রীতকে জাতীয় শিবিরের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন ফুলটন। হকি ইন্ডিয়ার এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি পদত্যাগের কথাও ভেবেছিলেন। তবে শেষ পর্যন্ত হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তির্কি এবং টিম ম্যানেজমেন্ট ভারতের প্রধান কোচকে বোঝাতে সক্ষম হন।
বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, রাউরকেলায় ১ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলা শিবিরের জন্য ৩৩ জন সম্ভাব্য খেলোয়াড়ের তালিকায় মনপ্রীতকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তকে ফুলটন ‘বহিরাগত হস্তক্ষেপ’ বলে মনে করেছিলেন। রিপোর্ট অনুযায়ী, মনপ্রীত গত বছরের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরের সময় নিষিদ্ধ পদার্থ গ্রহণের একটি ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন।
সূত্র জানায়, দক্ষিণ আফ্রিকা সফরের সময় মনপ্রীত, দিলপ্রীত এবং কৃষ্ণ বাহাদুর এক খেলোয়াড়কে নিষিদ্ধ মাদকজাত চুইংগাম দেন, যার ফলে ওই খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েন। সিনিয়র খেলোয়াড়দের এই আচরণকে হকি ইন্ডিয়া অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। এর পরই দুইবারের অলিম্পিক ব্রোঞ্জজয়ী মনপ্রীতকে ১৫ বছরে প্রথমবারের মতো কোর সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা থেকে বাদ দেওয়া হয়।
সম্ভাব্য খেলোয়াড়দের নাম চূড়ান্ত করার বৈঠকে হকি ইন্ডিয়ার সভাপতি তির্কি, মহাসচিব ভোলানাথ সিং এবং প্রধান নির্বাচক আরপি সিং একযোগে মনপ্রীতকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন, যা ফুলটনকে উদ্বিগ্ন করে তোলে। সে সময় ফুলটন যুক্তি দেন, মনপ্রীত তরুণ খেলোয়াড়দের জন্য একজন মেন্টর এবং তাঁকে দলে রাখা উচিত। তবে হকি ইন্ডিয়া সিনিয়র খেলোয়াড়দের দায়িত্বজ্ঞানহীন আচরণে অসন্তুষ্ট ছিল।
এই নিয়ে ক্ষুব্ধ হয়ে ফুলটন সদ্য সমাপ্ত হকি ইন্ডিয়া লিগ (এইচআইএল)-এর চেন্নাই পর্ব শেষ হওয়ার একদিন পর পদত্যাগের প্রস্তাবও দেন। পরে সভাপতি তির্কির অনুরোধে তিনি রাজি হন যে, অভিজ্ঞ খেলোয়াড়দের সাময়িকভাবে বিশ্রাম দেওয়া হয়েছে—এমন একটি সরকারি বিবৃতি দিতে। উল্লেখ্য, এইচআইএল চলাকালীন সময়েও ফুলটন নিয়মিতভাবে মনপ্রীতের ফিটনেস ও ফর্মের প্রশংসা করে এসেছেন।
প্রধান কোচ চান, মনপ্রীত অন্তত চলতি বছর এশিয়ান গেমস ও বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলুন। আগামী আগস্টে বিশ্বকাপ এবং সেপ্টেম্বরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

About Author

Advertisement