দিনহাটা: প্রথম দফার ভোট আগামী ২৩ এপ্রিল কোচবিহারে। আর এই নির্বাচনকে ঘিরে দিন যত এগিয়ে আসছে দিনহাটায় রাজনৈতিক দলগুলির প্রচার ততই অন্যমাত্রা পাচ্ছে। দিনহাটা শহরের সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী মন্ত্রী উদয়ন গুহ। প্রচার শুরুর আগে তিনি বোর্ডিং পাড়ার মাঠে শিব মন্দিরে পুজো দেন।
এদিন দিনহাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শহরের ৭ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারের পাশাপাশি দিনহাটা ২ ব্লকের একাধিক গ্রামে ভোট প্রচার করেন। দিনহাটা শহরে ভোট প্রচার চলাকালীন তার সঙ্গে ছিলেন ওয়ার্ল্ড এর কাউন্সিলর মিঠু দাস, বিজু দাস ছাড়াও অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন তৃণমূল প্রার্থী এলাকায় কোথাও বাড়ি বাড়ি গিয়ে আবার কোথাও দোকানে দোকানে ভোট প্রচার করেন। রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন।
এদিন দিনহাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায় ভেটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন। প্রচারে গিয়ে এলাকায় যুবকদের সাথে ভলিবল খেলেন বিজেপি প্রার্থী অজয়। অজয় বলেন দিনহাটা কেন্দ্রে মানুষের যেভাবে সমর্থন এবং আশীর্বাদ পাচ্ছি পাশাপাশি মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে তাতে জয় শুধু সময়ের অপেক্ষা। এই কেন্দ্রে ২০২১ সালে তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়।
গত বিধানসভা নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি শুধু সময়ের অপেক্ষা। এদিকে এদিন সিতাই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বড় আটিয়াবাড়ী দুই গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় ভোট প্রচার ছাড়াও সন্ধ্যায় ভেটাগুরি দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় মিছিলে অংশ নেন। এদিন বড় আটিয়াবাড়ী এলাকায় ভোট প্রচারের সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল নেতা কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।
এই কেন্দ্রে বিজেপি এখনো প্রার্থী ঘোষণা না করলেও বামফ্রন্টের ফরওয়ার্ড প্রার্থী অরুণ কুমার বর্মা সকালে বেশ কয়েকটি জায়গায় ভোট প্রচার করেন।











