মালদা: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে মালদার রতুয়া-২ নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বাসিন্দারা সাপ্তাহিক হাট বসতে দেননি। ফলে মঙ্গলবার পীরগঞ্জ অঞ্চলের অচিনতলা হাট বসার পরিবর্তে অচিনতলা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুখুরিয়া অঞ্চলের নওয়াগামা মোড়ে স্থানান্তরিত হয়।
জানা গেছে, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রতুয়া-২ ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বিভিন্ন বুথে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর প্রতিবাদে সোমবার ক্ষুব্ধ বাসিন্দারা পীরগঞ্জ এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
তবে শুধু অবরোধেই থেমে থাকেননি আন্দোলনকারীরা। মঙ্গলবার তাঁরা অচিনতলার সাপ্তাহিক হাট বসতে দেননি। ফলে যে স্থানে সাধারণত ভিড় ও ব্যস্ততা দেখা যায়, সেখানে এদিন নেমে আসে নিস্তব্ধতা।
অন্যদিকে, হাট বসতে না দেওয়ায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে প্রায় এক কিলোমিটার দূরে নওয়াগামা মোড়ে ছোট আকারে অস্থায়ী হাট বসান। সেখানে পসরা সাজিয়ে ব্যবসা শুরু হলেও ক্রেতাদের উপস্থিতি ছিল খুবই কম।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে।










