ভারত–পাকিস্তান ম্যাচে বৃষ্টির বাধার আশঙ্কা

IMG-20260214-WA0064

কলম্বো: আইসিসি টি২০ বিশ্ব কাপ -এ ভারত ও পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচের আর মাত্র এক দিন বাকি। দীর্ঘ জল্পনা-কল্পনার পর রবিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। গত বছর এশিয়া কাপ এর ফাইনালের পর এই প্রথমবার দুই দল পরস্পরের বিরুদ্ধে খেলতে নামছে।
ম্যাচটি কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়াম এ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ম্যাচের দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি হওয়ায় সমর্থকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় ম্যাচের দিন প্রবল বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সকালে আর্দ্রতা থাকবে চরম মাত্রায় এবং তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দুপুরের পর ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৭০ শতাংশ। ভারত–পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যা ৭টা থেকে, তবে ম্যাচ শুরুর আগেই বৃষ্টি নামতে পারে। সে ক্ষেত্রে টস দেরিতে হওয়া বা ওভারের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
যদিও ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাত ৮টার পর আকাশ পরিষ্কার হতে পারে বলেও অনুমান করা হয়েছে। মাঝেমধ্যে হালকা বৃষ্টিও হতে পারে। তবে আর. প্রেমাদাসা স্টেডিয়াম এর উন্নত ড্রেনেজ ব্যবস্থা থাকায় বৃষ্টি হলেও মাঠকর্মীরা দ্রুত খেলার উপযোগী করে তুলতে পারবেন। স্টেডিয়ামে শুধু পিচ নয়, পুরো মাঠ ঢেকে রাখার জন্যও কভার ব্যবস্থার সুবিধা রয়েছে।

About Author

Advertisement