তেহরান: ভারত ও ইরান দীর্ঘদিনের বন্ধু ও একে অপরের সহযোগী দেশ বলে পরিচিত। এবার সেই ইরানই ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার বন্ধ করল।
ইরান বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, এখন থেকে ইরানে যেতে হলে বাধ্যতামূলকভাবে ভিসা নিতে হবে। ২২ নভেম্বর থেকে এই নয়া নিয়ম কার্যকর হচ্ছে।
ইরান প্রশাসনের তরফে এই বিজ্ঞপ্তি জারি করার পর ভারতের বিদেশমন্ত্রকের তরফে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
কিন্তু হঠাৎ কেন এমন পদক্ষেপ করল ইরান? ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরানের এই ভিসা ছাড়ের সুবিধা নিয়ে বেশকিছু অপরাধচক্র সক্রিয় হয়ে উঠেছিল। ভারতীয়দের ইরানে চাকরি দেওয়ার টোপ বা অন্যান্য সুযোগ সুবিধার লোভ দেখিয়ে ইরানে নিয়ে যাওয়া হচ্ছিল।
এরপর তাঁদের ইরানে নিয়ে যাওয়ার পর অপহরণ করে মোটা টাকা মুক্তিপণ আদায় করা হচ্ছিল। এমন একাধিক ঘটনা নজরে আসায় এই অপরাধচক্রকে ঠেকাতেই এই সিদ্ধান্ত।
ভারতের তরফে ইরান সফরের ক্ষেত্রে এখন থেকে উচ্চসতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে। কোনও এজেন্ট ভিসা ছাড়াই ইরানে যাতায়াতের প্রতিশ্রুতি দিলে সেই ফাঁদে যেন কেউ না পড়েন।
উল্লেখ্য, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও পর্যটনক্ষেত্রকে বাড়ানোর লক্ষ্যে ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশ নীতি চালু করেছিল ইরান। প্রতিবছর সেদেশে বেড়াতে যান বহু ভারতীয় পর্যটক। তবে একের পর এক প্রতারণা ও মানব পাচারের ঘটনা সামনে আসায় এবার ভারতীয়দের জন্য ভিসামুক্ত যাতায়াত বন্ধ করা হল।










