দার্জিলিং: দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্ট পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অর্থবছর ২০২৬–২৭-এর বাজেটে পশ্চিমবঙ্গের রেলওয়ে রূপান্তরকে অগ্রাধিকার দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। সাংসদ বিস্ট সামাজিক মাধ্যমে উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলির জন্য ₹১৪,২০৫ কোটি টাকা বরাদ্দ সত্যিই একটি ঐতিহাসিক পদক্ষেপ।
সাংসদ আরও বলেন, ‘পাটনা হয়ে শিলিগুড়ি–বারাণসী বুলেট ট্রেন প্রকল্প উত্তরবঙ্গের অর্থনীতিকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাবে। এই রেলপথ দিল্লির সঙ্গেও যুক্ত হবে এবং ভবিষ্যতে গুয়াহাটি হয়ে উত্তর-পূর্ব ভারতের দিকেও সম্প্রসারিত হবে। পাশাপাশি শিলিগুড়ি করিডোর দিয়ে প্রস্তাবিত ৪০ কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ “চিকেনস নেক” করিডরের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগকে আরও সুরক্ষিত করবে। এই অঞ্চলে রেলপথকে চার লাইনে উন্নীত করার পরিকল্পনাও এই সংবেদনশীল এলাকায় রেল সংযোগকে ব্যাপকভাবে শক্তিশালী করবে।
এছাড়াও সাংসদ জানান, ‘ডুয়ার্সের বানারহাট থেকে আসামের সমত্সে ও কোকরাঝাড় হয়ে ভুটানের গেলেফু পর্যন্ত নতুন রেললাইনের ঘোষণার জন্য তিনি কৃতজ্ঞ। এর ফলে ভারত ও ভুটানের মধ্যে সীমান্ত-পার সম্পর্ক এবং পরিবহণ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে মজবুত হবে।
সাংসদ উল্লেখ করেন যে হাতি ও অন্যান্য বন্যপ্রাণী সুরক্ষার জন্য এআই ক্যামেরা ব্যবহারের ঘোষণা পরিবেশের প্রতি সংবেদনশীলতার পরিচয় দেয় এবং এর মাধ্যমে এই অঞ্চলে পশু দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা রোধে বড় ভূমিকা পালন করবে।
শেষে সাংসদ বলেন, প্রধানমন্ত্রী মোদির দূরদর্শী নেতৃত্বের ফলে আজ দার্জিলিং পাহাড়, শিলিগুড়ি, তরাই, ডুয়ার্স এবং সমগ্র উত্তরবঙ্গ কেন্দ্র সরকারের উন্নয়নমূলক অগ্রাধিকারের শীর্ষ সারিতে রয়েছে।










