কলকাতা: সপ্তদশ বিধানসভার শেষ তথা বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে উত্তাল হয়ে উঠল বিধানসভা। তীব্র বাকবিতণ্ডায় জড়ালেন রাজ্যের মন্ত্রী ও বিরোধী দলনেতা। প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই দু’জনের বাবা-ই দীর্ঘদিন জনপ্রতিনিধি থেকেছেন। তাঁরা নিজেরাও বর্তমানে জনপ্রতিনিধি। আর সেই উদয়ন গুহ ও শুভেন্দু অধিকারী পরস্পরের বাবাকে টেনে দ্বন্দ্বে জড়ান বিধানসভায়।
এদিন বাজেট বিতর্কের আলোচনায় বক্তৃতা করছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। এদিন বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট নিয়ে চলাকালীন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর বক্তব্য ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তরজা শুরু হয়। যার জেরে একাধিকবার হস্তক্ষেপ করতে বাধ্য হন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।অশোক লাহিড়ী যখন নিজের বক্তব্য পেশ করছিলেন, তখন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ একাধিকবার মন্তব্য করেন। অশোক লাহিড়ী বক্তব্য থামিয়ে উদয়ন গুহর উদ্দেশ্যে বলেন, ‘আপনি বলুন, ম্যায় হুঁ না।’ এরপরই অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অসংসদীয় শব্দ আক্রমণ শুরু করেন। শালীনতার মাত্রা ছাড়িয়ে উদয়নের উদ্দেশ্যে বলেন, ‘ওকে এবারও হারাব। ও গুণ্ডা। বাবাকে চোর বলে।’ অশোভনীয় শব্দ ব্যবহারের অভিযোগ ওঠায় সঙ্গে সঙ্গে অধ্যক্ষ হস্তক্ষেপ করে ওই শব্দগুলি ‘এক্সপাঞ্জ’ করার নির্দেশ দেন। ততক্ষণে সরকার এবং বিরোধী পক্ষের বিধায়কদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান শুরু হয়ে যায়। এরই মাঝে আবার ওড়িশা সরকার কীভাবে উন্নয়নের কাজ করছে, সেই উদাহরণ সামনে তুলে ধরার সময় মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘ওরা তো বাঙালিদের মারছে।কিছু বলুন।’ এই কথা শুনে বিজেপির বেঞ্চ থেকে হই হই করে ওঠেন বিধায়করা। এই সময় শুভেন্দু অধিকারী উদয়নের উদ্দেশে বলেন, ‘আপনি তো আপনার বাবাকে চোর বলেছেন।’ একথা শুনে তৃণমূল বিধায়করা সরব হন। দুই পক্ষ হইচই শুরুর পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দু’পক্ষকেই থামিয়ে ফের বক্তৃতা শুরু করতে বলেন।
এরপরই উদয়ন গুহ স্পিকারের অনুমতি নিয়ে বলেন, ‘আমার বাবা কমল গুহ সাতবার বিধায়ক ছিলেন। ১৯ বছর মন্ত্রী ছিলেন। আমার বাবার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমি কিছু সমালোচনা করেছিলাম। কিন্তু শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিক, আমি আমার বাবাকে চোর বলেছি।’ সঙ্গে উদয়ন গুহ শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে এও বলেন, ‘আপনি তো শিশিরবাবুর ছেলে। কিন্তু নিজেকে বলেন মোদীর ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?’
উদয়ন গুহর এই মন্তব্যে বাজেটের অধিবেশনে দু’পক্ষই একে অপরের দিকে আঙুল তুলে স্লোগান দিতে থাকেন। তখন স্পিকার জানিয়ে দেন, এই ইস্যুতে কারও বক্তব্যই রেকর্ডে রাখা হচ্ছে না। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। তারপর কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কিন্তু দুই রাজনীতিবিদের বাবাকে নিয়ে এই টানাপড়েন বিধানসভায় এদিন ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা।










