বাদশাকে নিষিদ্ধ করার দাবি, যোগী আদিত্যনাথকে চিঠি

IMG-20260313-WA0060

লখনউ: ‘টটীরী’ নামে একটি গানে নারী শরীরকে নিয়ে যৌন ইঙ্গিত থাকার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন বাদশা। ইতিমধ্যেই তিনি ক্ষমা চেয়েছেন, তবে বিতর্ক থামেনি। এবার এই বিষয়ে উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস-চেয়ারপার্সন অপর্ণা যাদব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখেছেন।
চিঠিতে মহিলা কমিশনের দাবি, উত্তরপ্রদেশে বাদশাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং তিনি রাজ্যে কোনও অনুষ্ঠান করতে না পারেন। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাদশার হরিয়ানাভি গান ‘টটীরী’। গানটির কথা ও দৃশ্য নিয়ে অপর্ণা যাদবের আপত্তি রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে গানটির কথা ও দৃশ্য সাধারণ মানুষের মনে কুপ্রভাব ফেলতে পারে।
মহিলা কমিশনের অভিযোগ, গানটিতে মহিলাদের আপত্তিজনকভাবে দেখানো হয়েছে। বিশেষ করে স্কুলের পোশাক পরা মেয়েদেরকে দেখানো হয়েছে, যারা কাঁধের ব্যাগ নামিয়ে হঠাৎ নেচে উঠেছেন। অভিযোগকারীরা দাবি করেছেন, এই ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়াতে পারে। এছাড়া, গানটিতে আপত্তিকর ভাষার ব্যবহারও হয়েছে। মহিলা কমিশনের দাবি, এটি শিক্ষাব্যবস্থার উপরও কুপ্রভাব ফেলতে পারে। এজন্য বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বাদশা ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি হরিয়ানার গর্বিত সন্তান এবং কখনোই মহিলা বা শিশুকে আপত্তিকরভাবে দেখানোর উদ্দেশ্য রাখেননি। বিতর্কিত গানটি সকল প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে। গানটি নিয়ে শিল্পী সোনা মহাপাত্রও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

About Author

Advertisement