বাংলার যুব সাথী প্রকল্পে আবেদন শুরু কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে

IMG-20260216-WA0025

কোচবিহার: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার যুব সাথী প্রকল্পে আবেদন শুরু হল দিনহাটা সহ কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে। রবিবার দিনহাটা শহরের বিভিন্ন ওয়ার্ডের ২১-৪০ বছরের বেকার যুবক-যুবতীরা অনেকেই এসে পুরসভায় সরকারি এই প্রকল্পের সহায়তা পেতে ফর্ম ফিলাপ করেন। সেখানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান অপর্না দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ কাউন্সিলর দের অনেকেই। এদিকে পুরসভায় এই ক্যাম্প শুরু হলে যুব তৃণমূলের পক্ষ থেকে পুরসভার পাশেই ক্যাম্প করে যুবক যুবতীদের ফর্ম ফিলাপ করতে সহযোগিতা করা হয়। যুব তৃণমূলের শহর ব্লক সভাপতি পার্থ সাহা জানিয়েছেন, এদিন ক্যাম্পে রাজ্য সরকারের এই প্রকল্পের সুযোগ পেতে শহরের বিভিন্ন এলাকার যুবক-যুবতীদের উৎসাহ এবং উপস্থিতি ছিল যথেষ্ট। তাদের অনেককেই ফর্ম ফিলাপ করে দিতে আমরা কর্মীরা নানাভাবে সহযোগিতা করি। এদিকে এদিন তুফানগঞ্জ ছাড়াও কোচবিহারে ও যুব সাথী প্রকল্পে ফরম ফিলাপ শুরু হয়। তুফানগঞ্জ মহকুমার তিনটি ক্যাম্পে কোথাও কোথাও লম্বা লাইন চোখে পড়ে। জানা গেছে তুফানগঞ্জ ১ ও ২ ব্লকের যুব সাথী প্রকল্পের ক্যাম্পের পাশাপাশি তুফানগঞ্জ পুরসভায় ক্যাম্প হয়। তিনটি ক্যাম্পে প্রথম দিনে যুব সাথী প্রকল্পের জন্যা আবেদন করে ২২৪০ জন। তুফানগঞ্জ ১ ব্লকের চিলাখানা ঘোগারকুটি থেকে যুব সাথী প্রকল্পের সুবিধা নিতে আবেদন করতে এসেছিল মৌমিতা রায়। সে জানায় গ্রাজুয়েশন করে বেকার বসে আছি। রাজ্য সরকার যুব সাথী প্রকল্পের জন্য মাসে মাসে ১৫ শো টাকা ভাতা দেবে ঘোষণা করেছে। ভালো লাগলেও আমরা কর্মসংস্থানের দাবি জানাই।

About Author

Advertisement