বনদপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ল স্ত্রী চিতাবাঘ

IMG-20260220-WA0046

বানারহাট: ডুয়ার্সের বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানের ৩২ নম্বর সেকশনে বনদপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ল একটি স্ত্রী চিতাবাঘ। জানা গিয়েছে দেবপাড়া চা বাগান এলাকায় গত কয়েকদিন ধরে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন শ্রমিকরা। বিষয়টি চা বাগানের ম্যানেজারকে জানানো হলে তিনি দ্রুত বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের বনকর্মীদের খবর দেন। এরপর বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় একটি খাঁচা পাতা হয়। বৃহস্পতিবার ভোরের দিকে সেই খাঁচায় চিতাবাঘটি ধরা পড়ে। সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা খাঁচার দিক থেকে চিতা বাঘের গর্জনের শব্দ শুনতে পান। কাছে গিয়ে তাঁরা দেখতে পান একটি স্ত্রী চিতাবাঘ খাঁচাবন্দি অবস্থায় রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে চিতাবাঘটিকে উদ্ধার করে বনদপ্তরের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জ অফিসার হিমাদ্রি দেবনাথ জানান। ভোরের দিকে বনদপ্তরের পাতানো খাঁচায় একটি স্ত্রী চিতাবাঘ ধরা পড়ে। সকালেই খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে আসেন। তিনি জানান চিতাবাঘটিকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের পর তাকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এদিকে চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন দেবপাড়া চা বাগানের শ্রমিকরা। গত কয়েকদিন ধরে এলাকায় চিতাবাঘের আতঙ্কে কাজকর্ম ব্যাহত হচ্ছিল বলে জানা গেছে।

About Author

Advertisement