শিলিগুড়ি: বামনহাট শিলিগুড়ি জংশন ভায়া ফালাকাটা, ধুপগুড়ি জলপাইগুড়ি রোড স্টেশন হয়ে প্যাসেঞ্জার ট্রেন পুনরায় চালুর দাবি সহ একাধিক দাবিতে রেলের আলিপুরদুয়ার স্থিত ডিভিশনাল ম্যানেজারকে ডেপুটেশন দিল তিন সংগঠন।
কোচবিহার, দিনহাটা রেলযাত্রী মঞ্চ, দিনহাটা নাগরিক মঞ্চ ও বামনহাট নাগরিক মঞ্চের যৌথ উদ্যোগে সোমবার আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে পাঁচ দফা দাবি সম্বলিত দাবিপত্র তুলে দিয়ে দাবি গুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়গোপাল ভৌমিক, তাপস বোস, ধীরেন্দ্রনাথ রায় সহ অনেকেই। তিন সংগঠনের পক্ষ থেকে বামনহাট শিলিগুড়ি জংশন (ভায়া ধুপগুড়ি ফালাকাটা জলপাইগুড়ি রোড, শিলিগুড়ি টাউন) ট্রেনটিকে পুনরায় চালু করা, উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচবিহার টাউনে পুনরায় স্টপেজ চালু , দিনহাটা শিলিগুড়ি টাউন ডেমু প্যাসেঞ্জারকে পুনরায় চালু করা অথবা দিনহাটা থেকে বাগডোগরা একটি ইন্টারসিটি ট্রেন চালু করা সহ একাধিক দাবি জানানো হয় ।
এছাড়াও গুরুত্বপূর্ণ নিউ কোচবিহার রেল জংশনে পিট লাইন এবং সিক লাইনের কাজ দ্রুত চালু করা, বামনহাটের নিকটবর্তী পাথরশন রেলগেটে একটি আন্ডারপাস নির্মাণের দাবিও জানানো হয়।সংগঠন সমূহের তরফে নেতৃত্বরা জানান উপরের দাবিগুলি ছাড়াও বামনহাট শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস যেটি কোচবিহার থেকে প্রায় সাড়ে সাত ঘন্টা সময় নেয় শিলিগুড়ি যেতে, সেই ট্রেনটিকে অল স্টপেজ লোকাল ট্রেন হিসাবে চালু করার দাবিও জানানো হয়।
দাবিগুলি নিয়ে রেল দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হবে।







