বানারহাট: পেটের দায়ে সুপারি পাড়তে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল মধ্য শালবাড়ি এলাকার বাসিন্দা সাবলুর রহমানের। বৃহস্পতিবার নাগরাকাটা ব্লকের উত্তর কলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়। দীর্ঘদিন ধরে ক্ষুদ্র সুপারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সাবলুর রহমান। এদিন তিনি সঙ্গীদের নিয়ে সুপারি পাড়তে যান। কয়েকটি গাছ থেকে সুপারি নামানোর পর হঠাৎই একটি গাছ থেকে নিচে পড়ে যান। দুর্ভাগ্যবশত, গাছের নীচে সদ্য নির্মিত একটি ঘরের কংক্রিটের ভিটি থাকায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে ভিড় জমাতে থাকেন গ্রামবাসীরা। পরে বারাহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠায়। পরিবার সূত্রে জানা গেছে, সাবলুর রহমানই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। বাড়িতে রয়েছেন মা-বাবা, স্ত্রী ও পাঁচ কন্যা। হঠাৎ তাঁর অকাল মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আর্থিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। জানা যায়। মাত্র দুই সপ্তাহ আগেই তাঁর এক কন্যার বিবাহ সংক্রান্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল।









