ইসলামাবাদ: পাকিস্তানের রাজধানীতে শুক্রবারের নামাজের সময় শিয়া সম্প্রদায়ের একটি ইমামবাড়ায় সংঘটিত আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ১৬৯ জন আহত হয়েছেন। বিস্ফোরণটি ফেডারেল রাজধানীর শাহজাদ টাউন এলাকার তারলাই ইমামবাড়ায় ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীকে ইমামবাড়ার প্রবেশপথে আটকানো হলে সে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। বিস্ফোরণের পর এলাকাজুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আহতদের হাসপাতালে পৌঁছে দিতে সহায়তা করেন। পরে সেনাবাহিনী, রেঞ্জার্স ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এখনও পর্যন্ত কোনও সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশ সূত্রের দাবি, হামলাকারী একজন বিদেশি নাগরিক ছিল এবং তার যোগসূত্র ‘ফিতনা আল-খারিজি’-র সঙ্গে থাকতে পারে—যা তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে বোঝাতে ব্যবহৃত একটি পরিভাষা।
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রী ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।









