নয়াদিল্লি: লোকসভা থেকে অপসারণের দাবিতে বিরোধীদের দেওয়া নোটিসে কারিগরি ত্রুটি ধরা পড়েছে। তবুও লোকসভার স্পিকার ওম বিড়লা নোটিসটি খারিজ না করে ত্রুটি সংশোধন করে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য তাঁর সচিবালয়কে নির্দেশ দিয়েছেন। লোকসভা সচিবালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রের খবর, নোটিসে উল্লিখিত কয়েকটি ঘটনার ক্ষেত্রে চার জায়গায় ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সাল লেখা হয়েছে। নিয়ম অনুযায়ী এই ত্রুটির ভিত্তিতে নোটিসটি বাতিল করা যেত।
বিরোধীরা মঙ্গলবার লোকসভার মহাসচিবের কাছে নোটিস জমা দিয়ে বিড়লার বিরুদ্ধে পক্ষপাতদুষ্টভাবে অধিবেশন পরিচালনা, কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা এবং পদমর্যাদার অপব্যবহারের অভিযোগ তোলেন।
সচিবালয়ের সূত্র বুধবার জানায়, “নোটিসে চারবার ফেব্রুয়ারি ২০২৫ উল্লেখ করা হয়েছে, অথচ প্রাসঙ্গিক সাল ২০২৬। নিয়ম অনুযায়ী এটি খারিজ করা যেত।”
তারা আরও জানায়, “লোকসভার স্পিকার সচিবালয়কে নির্দেশ দিয়েছেন, ত্রুটিপূর্ণ নোটিসে প্রয়োজনীয় সংশোধন করিয়ে নিয়ম অনুযায়ী প্রক্রিয়া চালাতে।” বিড়লা নিয়ম অনুসারে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দিয়েছেন।
সূত্রের মতে, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় শুরু (৯ মার্চ) হলে সংশোধিত নোটিস নিয়ে বিবেচনা করা হতে পারে। সংশোধিত নোটিস পাওয়ার পর তা নিয়ম অনুযায়ী পরীক্ষা করা হবে। এছাড়াও জানানো হয়েছে, বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিড়লা সভাপতির আসনে বসবেন না।











