মাউন্ট মাউঙ্গানুই: দক্ষিণ আফ্রিকা রবিবার অনুষ্ঠিত প্রথম কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় নিউজিল্যান্ডকে সহজেই ৭ উইকেটে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা পাঁচ খেলায়ের ধারাবাহিকে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। বে ওভাল মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ২০২৬ সালের কুড়ি ওভারের বিশ্বকাপের উপবিজয়ী নিউজিল্যান্ড ১৪.৩ ওভারে মাত্র ৯১ রান করে সবকটি উইকেট হারায়। মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারানোর পর নিউজিল্যান্ড দ্রুত আত্মসমর্পণ করে।
অলরাউন্ডার জিমি নিশাম সর্বাধিক ২৬ রান করেন। তিনি ২১ বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককনকি ১৫ করে রান যোগ করেন।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে এনকোবানি মোকোয়েনা সর্বাধিক ৩টি উইকেট নেন। এছাড়া জেরাল্ড কোয়েটজি, ওটনিয়েল বার্টম্যান ও কেশব মহারাজ ২টি করে সাফল্য অর্জন করেন।
এরপর দক্ষিণ আফ্রিকা ১৬.৪ ওভারে ৩ উইকেটে ৯৩ রান করে ম্যাচ জিতে নেয়। উদ্বোধনী ব্যাটসম্যান কনর এথারহুইজেন অপরাজিত ৪৫ রান করেন। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৪৮ বলে ২টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া ডিয়ান ফোরেস্টার অপরাজিত ১৬ রান করেন। জেসন স্মিথ ১০ রান করে আউট হন।










