নয়াদিল্লি: প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভণে-র আত্মজীবনী ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’-র অননুমোদিত কপি ছড়িয়ে পড়ার খবরের মধ্যে ‘পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া’ (পিআরএইচআই) স্পষ্ট জানিয়েছে যে বইটির প্রকাশনার অধিকার একমাত্র তাদের কাছেই রয়েছে এবং এখনও পর্যন্ত বইটি প্রকাশিত হয়নি।
এর আগে নরভণে-র অপ্রকাশিত বইয়ের অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ঘটনায় দিল্লি পুলিশ একটি এফআইআর দায়ের করেছিল। সোমবার জারি করা এক বিবৃতিতে পিআরএইচআই জানিয়েছে, বইটির কোনও কপিই—মুদ্রিত বা ডিজিটাল—এখনও পর্যন্ত প্রকাশ বা উপলব্ধ করা হয়নি। প্রকাশকের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, বর্তমানে অনলাইন বা অন্য কোনও মাধ্যমে যে সব সংস্করণ ছড়িয়ে পড়ছে, সেগুলিকে কপিরাইট লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, “পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া স্পষ্টভাবে জানাতে চায় যে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল এম এম নরভণে-র লেখা আত্মজীবনীর প্রকাশনার অধিকার একমাত্র আমাদের কাছেই রয়েছে। আমরা আরও জানাতে চাই যে বইটি এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। কোনও কপিই—মুদ্রিত বা ডিজিটাল আকারে—প্রকাশ, বিতরণ, বিক্রি বা অন্য কোনওভাবে জনসাধারণের জন্য উপলব্ধ করা হয়নি।”











